সিএসইর প্রস্তুতি সম্পন্ন হলেই হলেই কমোডিটি এক্সচেঞ্জ চালু

সিএসইর প্রস্তুতি সম্পন্ন হলেই হলেই কমোডিটি এক্সচেঞ্জ চালু

ফন্ট সাইজ:

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রস্তুতি সম্পন্ন হলেই দ্রুত কমোডিটি এক্সচেঞ্জ চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ। তিনি বলেন, ডেরিভেটিভস বাজারকে এগিয়ে নিতে কমিশন কাজ করছে। যেহেতু এটি একটি নতুন ধারণা, তাই প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করতে সময় লাগছে। সম্ভাব্য ঝুঁকি ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধান নিশ্চিত করার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে।

রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘কমোডিটি এক্সচেঞ্জ : বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বিজয় নগরস্থ সিএমজেএফ কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার। সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।

ফারজানা লালারুখ বলেন, কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর আগে এর ভিত্তি শক্তিশালী করা হচ্ছে। অতীতে বিভিন্ন অভিজ্ঞতা, বিশেষ করে মিউচুয়াল ফান্ড খাতের চ্যালেঞ্জগুলো থেকে শিক্ষা নিয়ে সতর্কভাবে এগিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, বিশ্বব্যাপী মিউচুয়াল ফান্ড অনেক শক্তিশালী অবস্থানে থাকলেও বাংলাদেশে কিছু কারণে সেটি সম্ভব হয়নি। কমোডিটি এক্সচেঞ্জ শুরুর পর যেন তেমন কোনো ঝামেলায় পড়তে না হয়, সেজন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েই শুরু করতে চাইছি।

অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান জানান, কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য এখন পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে টিম গড়ে তোলা হয়েছে এবং প্রয়োজনীয় প্রযুক্তিও প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, কিছু কমপ্লায়েন্স ও নীতিগত কারণে বিলম্ব হচ্ছে। তবে চলতি বছরের মধ্যেই এটি চালু করার লক্ষ্য রয়েছে। তিনি আরও বলেন, এটি কোনো সরাসরি পণ্য বেচাকেনার প্ল্যাটফর্ম নয়। এখানে ফিউচার কন্ট্রাক্ট সেটেলমেন্ট হবে। প্রথম ধাপে ক্যাশ সেটেলমেন্ট চালু করা হবে, পরে ধাপে ধাপে ফিজিক্যাল ডেলিভারি যুক্ত করা হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বলেন, সিএসইর প্রস্তুতি অনুযায়ী কমোডিটি এক্সচেঞ্জ এখন থেকে দেড়-দুই বছর আগে চালু করা সম্ভব ছিল। কিন্তু সরকার পরিবর্তন ও বারবার নীতির পরিবর্তনের কারণে এটি চালু করতে দেরি হচ্ছে। সাইফুর রহমান মজুমদার বলেন, কমোডিটি এক্সচেঞ্জ বা ডেরিভেটিস বিশ্বব্যাপী ক্যাপিটাল মার্কেটের পণ্য। এটি বাংলাদেশে ২০২৩ সালে শুরুর কথা থাকলেও যথাযথ প্রস্তুতির অভাবে সেটি করা সম্ভব হয়নি। এটি আমাদের দেশে নতুন ধারণা, তাই অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হচ্ছে। এজন্য দেরি করতে হচ্ছে।

তিনি বলেন, ২০০৫-২০০৬ সাল থেকে পাকিস্তানে কমোডিটি এক্সচেঞ্জ চালু আছে। ভারতে তারও আগে থেকে চালু আছে। আমাদের দেশে দেরিতে চালু হওয়ার কারণ হলো, এটি নিয়ে অনেক সচেতনতা বাড়ানোর বিষয় ছিলো, যেটি আমরা করছি। যদিও আমাদের প্রস্তুতি অনুযায়ী দেড়-দুই বছর আগে এটি চালু করার সুযোগ ছিলো। রেগুলেটরি বডির সঙ্গে সমন্বয়হীনতাসহ কিছু কারণে এটি আসতে দেরি হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন