বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্য নিয়ে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মে ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৮ সাল পর্যন্ত কার্যকর এ সমঝোতা স্মারকের আওতায় উভয়পক্ষ বাংলাদেশের পোশাক খাতে টেকসই উন্নয়ন, জ্বালানি দক্ষতা এবং সার্কুলারটি নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করবে। বিজিএমইএ ও জিআইজেডের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর।
রোববার উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং জিআইজেড এর ক্লাস্টার কোঅর্ডিনেটর থমাস রল্ফ এর পক্ষে গুনডলফ ক্লেন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এ অংশীদারিত্ব বাংলাদেশের পোশাক শিল্পকে একটি দায়িত্বশীল এবং পরিবেশবান্ধব বৈশ্বিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে মাইলফলক হয়ে থাকবে। জিআইজেডের পক্ষ থেকে বাংলাদেশের পোশাক খাতের টেকসই রূপান্তরে তাদের কারিগরি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
সমঝোতা স্মারকের অধীনে বাস্তবায়িতব্য প্রধান প্রকল্পগুলো, পোশাক শিল্পে টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং ইইউ বাজারের নতুন শর্তাবলি যেমন, সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স ট্রেসেবিলিটি, সার্কুলারটি ও ডিকার্বোনাইজেশন বিষয়ে কারখানাগুলোকে প্রস্তুত করা। এর আওতায় রেসপন্সিবল বিজনেস হেল্পডেস্কে (আরবিএইচ) আরও শক্তিশালী করা হবে।
পোশাক খাতের পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় কারখানায় উন্নত রাসায়নিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, পরিবেশ দূষণ কমানো এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড বজায় রাখতে কারিগরি দিকনির্দেশনা প্রদান করা হবে। এটি বাংলাদেশের পোশাক শিল্পকে একটি ক্লিন অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর কাছে আরও নির্ভরযোগ্য করে তুলবে।
কারখানাসমূহে জ্বালানি দক্ষতা বৃদ্ধি, নিয়মিত এনার্জি অডিট পরিচালনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি প্রশিক্ষণ প্রদান। শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ডিজিটাল ডাটাবেজ তৈরিতে সহায়তা এবং টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে কর্মীদের আধুনিক দক্ষতা উন্নয়ন। পোশাক খাতের ঝুট ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ডিজিটাল মার্কেটপ্লেস তৈরি এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে নতুন প্রযুক্তির সংযোগ ঘটানো। প্রকৌশল ও ব্যবস্থাপনা পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে ‘শক্তি কন্যা’ নেটওয়ার্ককে আরও গতিশীল করা।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইয়ের সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, এনামুল আজিজ চৌধুরী এবং জিআইজেড বাংলাদেশের ঝঞওখঊ ওও প্রকল্পের প্রধান মাইকেল ক্লোডে ও মো. তানভীর মাসুদ।
