রোহিঙ্গা সংকট মোকাবিলায় জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান হাজেরা ফাউন্ডেশনের

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান হাজেরা ফাউন্ডেশনের

ফন্ট সাইজ:

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও স্বাস্থ্য সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে বলে সতর্ক করেছে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ ও আলোচনা সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং অক্সফোর্ডে “গ্লোবাল হিউম্যানিটারিয়ান চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড”প্রাপ্ত ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিব্রীয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন পরিচালক ডা. সুলতানা খানম। বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সংকট নয়; এটি ধীরে ধীরে আঞ্চলিক ও জাতীয় জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকিতে পরিণত হচ্ছে।

সংক্রামক রোগের বিস্তার, অপুষ্টি, দীর্ঘমেয়াদি অসুস্থতা এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের ভাষায়, এটি একটি “জৈবিক টাইম বোমা”। ফাউন্ডেশন জানায়, গত ৫ থেকে ৭ই মে পর্যন্ত কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পরিচালিত তিন দিনের জরুরি চিকিৎসা কার্যক্রমে ১ হাজার ৪০০-এর বেশি রোগীকে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

সম্প্রতি তারা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সংশ্লিষ্ট উদ্যোগের আওতায় রোহিঙ্গা সংকট ও দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যৌথ আলোচনায় অংশ নিয়েছে। বর্তমানে বিশ্বের ১৫টি দেশে তাদের মানবিক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানানো হয়। সভায় রোহিঙ্গা তরুণদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তাদের মতে, দীর্ঘমেয়াদি বেকারত্ব ও শিক্ষার অভাব তরুণদের অপরাধ, মাদক, মানবপাচার, সাইবার অপরাধ ও উগ্রবাদের দিকে ঠেলে দিতে পারে। ক্যাপ্টেন কিব্রীয়া বলেন, ফাউন্ডেশনের “ফাইভ জিরো গ্লোবাল ক্যাম্পেইন” স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবিক সম্পৃক্ততার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে।

এসময় বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা জোরদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত, আন্তর্জাতিক দায়িত্ব ভাগাভাগি এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক, মানবাধিকারকর্মী, চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন