৫ দিন, ৪ দফা বৈঠকের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়

৫ দিন, ৪ দফা বৈঠকের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়

ফন্ট সাইজ:

রাজনীতিতে ক্যারিশমা দেখানো থালাপতি বিজয় আজ শপথ নিচ্ছেন। নানা নাটকীয়তার পর তিনি বসতে চলেছেন তামিলনাড়ুর মসনদে। তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) সভাপতি বিজয় পাঁচ দিনের চেষ্টায়, গভর্নরের সঙ্গে চারটি বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে একাধিক দফা জোট আলোচনা শেষে প্রায় ৬০ বছরের মধ্যে তামিলনাড়ুতে প্রথম ডিএমকে এবং এআইএডিএমকের বাইরে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

দুই বছর আগে গঠিত বিজয়ের দল এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে প্রথম স্থান অর্জন করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ডিএমকের মিত্র কংগ্রেস, যার পাঁচজন বিধায়ক রয়েছে, বিজয়কে সমর্থন দেয়। বুধবার তিনি গভর্নর রাজেন্দ্র আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। তবে তাকে জানানো হয়, আরও সমর্থন প্রয়োজন।

অন্যান্য দলের সঙ্গে আলোচনা শেষে ৫১ বছর বয়সী এই অভিনেতা কাম রাজনীতিক বৃহস্পতিবার আবার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তিনি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন রয়েছে- এ বিষয়ে গভর্নরকে সন্তুষ্ট করতে পারেননি। বৈঠকের পর লোকভবনের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকের সময় গভর্নর ব্যাখ্যা করেছেন যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনও প্রতিষ্ঠিত হয়নি।

সরকার গঠনের প্রচেষ্টায় বড় ধরনের অগ্রগতি আসে শুক্রবার। ওইদিন বিজয় সমর্থন পান দুই বামপন্থি দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই) এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) বা সিপিআই(এম)-এর। দুটি দলই নির্বাচনে দুটি করে আসন পেয়েছে। বিজয় দুটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে। ফলে জোটের মোট আসনসংখ্যা দাঁড়ায় ১১৬, যা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে দুই কম। শুক্রবার সন্ধ্যায় বিজয় আবার গভর্নরের সঙ্গে দেখা করেন। কিন্তু কমপক্ষে ১১৮ বিধায়কের লিখিত সমর্থনের শর্ত পূরণ করতে পারেননি।

দিনভর আলোচনার পর সিপিআই এবং সিপিআই(এম), উভয়েই দুই আসন নিয়ে অভিনেতা-রাজনীতিকের দলকে সমর্থন দেয়। এরপর শনিবার ডিএমকে জোটের আরেক শরিক থোল থিরুমাভালাভানের বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে) বিজয়কে সমর্থনের ঘোষণা দেয়। এতে সমর্থন বেড়ে দাঁড়ায় ১১৮-তে। ডিএমকে নেতৃত্বাধীন জোটের আরেক শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, যারা দুটি আসন জিতেছে, তারাও বিজয়কে সমর্থনের কথা জানায়। ফলে তার জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়ায় তুলনামূলক স্বস্তিদায়ক ১২০-এ। ভিসিকে এবং আইইউএমএলের সমর্থনের ঘোষণার পর শনিবার সন্ধ্যায় বিজয় দ্রুত লোকভবনে (গভর্নরের সরকারি বাসভবন) যান এবং রাজেন্দ্র আরলেকারের কাছে নিঃশর্ত সমর্থনের চিঠি জমা দেন।

কংগ্রেসের তামিলনাড়ু প্রধান কে সেলভাপেরুনথাগাই এবং সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক পি শানমুগামও বিজয়ের সঙ্গে ছিলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনার পর গভর্নর সন্তুষ্ট হন এবং বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আরলেকার বিজয়কে ১৩ মের মধ্যে আস্থা ভোট নেয়ার নির্দেশও দেন। লোকভবন জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে বিজয়ের শপথ গ্রহণ হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন