পাওনা টাকা নিয়ে বিরোধ

সালিশের আগেই কৃষককে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকের আগেই আলিম উদ্দিন (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদাহ বাজারে এ ঘটনা ঘটে। আলিম উদ্দিন শংকরচন্দ্র ইউনিয়নের মোকামতলা গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে। নিহতের ভাই কালু মণ্ডল জানান, আলিম উদ্দিনের ছেলে জিয়ারুলের কাছে লিয়াকত আলী ভুট্টা বিক্রির কিছু টাকা পেতেন।

বিষয়টি সমাধানের জন্য শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম সুজন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধ সমাধানের জন্য আলিম উদ্দিনসহ কয়েকজন আমার কাছে এসেছিলেন। এ সময় অভিযুক্ত লিয়াকত আলী ও তার ছেলে সেখানে এসে হামলা চালায়। পরে আলিম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সালিশ বৈঠককে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন