বিশ্বকাপ শিরোপা ঘরে রাখার অভিযান শুরুর আগে স্বস্তির সুবাতাস বইছে আর্জেন্টিনা শিবিরে। বাছাইপর্বের শেষ ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়েন বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী নিকোলাস ওতামেন্দি। তবে ফিফা ব্যুরোর এক নজিরবিহীন সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ফলে নিজেদের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে পারবেন ওতামেন্দি। একই সুখবর ইকুয়েডরের মাঝমাঠের প্রাণ মইসেস কাইসেদোর জন্যও।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ছয়টি মহাদেশীয় ফুটবল সংস্থার প্রধানদের সমন্বয়ে গঠিত প্যানেল শুক্রবার এই বিশেষ ‘অ্যামনেস্টি’ বা সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। ফিফার এক বিবৃতিতে জানানো হয়, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরে প্রতিটি দল যেন তাদের সেরা শক্তির স্কোয়াড নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বিবৃতিতে ফিফা বলে, ‘(বাছাইপর্বের) একটি করে হলুদ কার্ড এবং ঝুলে থাকা এক বা দুই ম্যাচের নিষেধাজ্ঞাগুলো... মূল প্রতিযোগিতায় কার্যকর হবে না।’
গত সেপ্টেম্বরে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচে ওতামেন্দি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়েন ইকুয়েডরের কাইসেদো। নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে নিজ-নিজ প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক হয়ে থাকার কথা ছিল তাদের। তবে নতুন ঘোষণায় তাদের এই শাস্তি বিশ্বকাপের পর অন্য কোনো টুর্নামেন্টে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে আগামী ১৬ই জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের শিরোপা রক্ষার মিশনে ওতামেন্দির খেলতে কোনো বাধা থাকছে না। ৩৮ বছর বয়সী এই বেনফিকা ডিফেন্ডারের জন্য এটি হতে যাচ্ছে সম্ভব্য শেষ বিশ্বকাপ।
একইভাবে, ১৪ই জুন আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামতে পারবেন চেলসির ২৪ বছর বয়সী মিডফিল্ডার কাইসেদো। এছাড়া, কাতারের তারেক সালমানও একই সুবিধায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার ছাড়পত্র পেয়েছেন।
