শেষ দিকে তাসকিন আহমেদের ওয়ানডেসুলভ ব্যাটিংয়ে চারশ’ ছাড়ানো সংগ্রহ পেলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট টাইগাররা। ১৯ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৮ রান করে শেষ উইকেট হিসেবে ফিরে যান তাসকিন। এর আগে ইবাদত হোসেনকে ফিরিয়ে ফাইফার পূরণ করেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস।
ইবাদত ফিরে যাওয়ার পর বাংলাদেশের চারশ ছোঁয়ায় শঙ্কা দেখা দেয়। তবে তাসকিনের মারমুখো ব্যাটিংয়ে সেই শঙ্কা উবে যায়। বাংলাদেশের হয়ে গতকাল সর্বোচ্চ ১০১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি থেকে স্রেফ ৯ রান দূরে থেকে ফিরতে হয় মুমিনুল হককে। আজ ফিফটির পর সেঞ্চুরির আশা জাগাচ্ছিলেন মুশফিকুর রহীমও। তবে অভিজ্ঞ ব্যাটার ফেরেন ৭১ রানে। ৩৩ রানের অবদান লিটন দাসের, তাইজুল ইসলামের ব্যাট থেকে আসে ১৭ রান।
আব্বাসের ফাইফার ছাড়াও পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ১ উইকেট করে নেন হাসান আলী ও নোমান আলী।
