২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি এক মাসের কিছু বেশি সময়। তবে মাঠের লড়াই শুরুর অনেক আগে থেকে উত্তাপ ছড়াচ্ছে টিকিটের আকাশছোঁয়া দাম। খোদ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও এবার সাধারণ ফুটবলপ্রেমীদের সুরে সুর মেলালেন। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের একটি টিকিটের দাম ধরা হয়েছে ১,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। টিকিটের এমন চড়া মূল্য শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প।
জানিয়েছেন, এত দামে তিনি নিজেও টিকিট ক্রয় করতেন না! নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, ‘আমি (টিকিটের দামের) এই অঙ্কের কথা জানতাম না। সত্যি বলতে, আমি সেখানে থাকতে অবশ্যই পছন্দ করবো, তবে এর জন্য ১,০০০ ডলার আমি নিজেও দিতাম না।’ সাধারণত বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম সব দলের জন্য একই থাকে। তবে এবারের চিত্র ভিন্ন। ফিফা এবার ‘পারসেপশন বেজড’ বা দলের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করেছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে ১৩ই জুনের ম্যাচটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা, তাকেই পুঁজি করতে চাইছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শুধু তা-ই নয়, ফিফার নিজস্ব রি-সেল বা পুনঃবিক্রয় প্ল্যাটফরমেও টিকিটের দাম আকাশছোঁয়া। সম্প্রতি ফাইনালের গোলপোস্টের পেছনের একটি টিকিটের দাম হাঁকা হয় বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৫৯ লাখ টাকারও বেশি। তাতে রীতিমতো শোরগোল পড়ে যায় ফুটবল বিশ্বে। প্রতিটি লেনদেন থেকে ফিফা ৩০ শতাংশ ফি কেটে নিচ্ছে, যার অর্ধেক দিতে হচ্ছে বিক্রেতাকে এবং বাকি অর্ধেক ক্রেতাকে। ফুটবলবোদ্ধারা ফিফার এই কৌশলকে ‘নিছক চাঁদাবাজি’ বলে আখ্যা দিয়েছেন।
নিজের রাজনৈতিক ঘাঁটি কুইন্স ও ব্রুকলিনের সাধারণ মানুষের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কুইন্স কিংবা ব্রুকলিনের মানুষ- যারা ডনাল্ড ট্রাম্পকে ভালোবাসে, তারা যদি গ্যালারিতে বসে খেলা দেখতে না পারে, তবে আমি অবশ্যই হতাশ হবো। একইসঙ্গে, (আয়োজন হিসেবে) এটি একটি অভাবনীয় সাফল্য। আমি চাই আমার ভোটাররা যেন মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারে।’
ট্রেন ভাড়ায় কিছুটা স্বস্তি
বিশ্বকাপে সাধারণ দর্শকদের জন্য যাতায়াত ও টিকিটের খরচ বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, নিউ ইয়র্ক ও নিউজার্সি সংলগ্ন মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের জন্য ট্রেনের ‘অস্বাভাবিক’ ভাড়া নিয়ে যুক্তরাষ্ট্রে তুমুল সমালোচনা চলছে। অবশেষে নিউজার্সি ট্রানজিট কর্তৃপক্ষ ট্রেনের ভাড়া কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে।
ম্যানহাটনের পেন স্টেশন থেকে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত মাত্র ১৮ মাইলের (প্রায় ৩০ মিনিট) যাতায়াত খরচ সাধারণ সময়ে থাকে ১২.৯০ ডলার। তবে বিশ্বকাপ উপলক্ষে তা বাড়িয়ে করা হয় ১৫০ ডলার (প্রায় ১৮ হাজার টাকা)। নিউজার্সি ট্রানজিটের প্রধান নির্বাহী ক্রিস কোলুরি জানান, গভর্নর মিকি শেরিলের হস্তক্ষেপে ব্যক্তিগত স্পনসরশিপ ও বিকল্প অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, আমরা অন্তত ৩০ শতাংশ দাম কমিয়ে প্রতি টিকিটের মূল্য ১০৫ ডলারে নামিয়ে আনতে পেরেছি।’
