মৌলভীবাজারে ২৭ জাতের ভারতীয় অবৈধ পণ্য ও গাড়ি জব্দ

মৌলভীবাজারে ২৭ জাতের ভারতীয় অবৈধ পণ্য ও গাড়ি জব্দ

ফন্ট সাইজ:

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। মৌলভীবাজার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকালে জানানো হয়, ৬ই মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুসুমবাগ এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। পরে দীর্ঘ যাচাই-বাছাই শেষে কাভার্ডভ্যানে থাকা ভারতীয় শাড়ি, ফুচকা, কম্বল, কসমেটিকস, জিরা, ওষুধ, চকলেট ও সিগারেটসহ মোট ২৭ ধরনের পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা।

এ ছাড়া, জব্দকৃত কাভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো-উ-১৪-৩০০৮) আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৮১ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান বাংলাদেশে আনার অভিযোগে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয় এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ২৪শে এপ্রিল রাতে শ্রীমঙ্গল এসএ পরিবহন অফিসে তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে। এর আগে মৌলভীবাজারের ওই কুরিয়ার সার্ভিসে ৬ই এপ্রিল রাতে ভারতীয় অবৈধ জিরার সন্ধানে পুলিশ অভিযান চালায়।

এ সময় একটি পিকআপ ভ্যান থেকে নামানোর সময় প্রায় ৩০ বস্তা জিরা জব্দ করে। পরে ওই চক্র ২০২৫ সালের ১০ই অক্টোবর আদালতের কিছু কাগজ পুলিশকে দেখিয়ে ভারতীয় জিরার বস্তাগুলো কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠায়। সীমান্তবর্তী এ জেলায় চোরাকারবারিরা নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে এই অঞ্চল ও মৌলভীবাজার শহরের কুরিয়ার সার্ভিস। এমন তথ্য ও অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এ সকল চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ রুট দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারতীয় বিভিন্ন পণ্য দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন