ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলের বিভিন্ন সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকে যশোর ৪৯-বিজিবি ও খুলনা ২১-বিজিবি’র আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্ত জুড়ে কঠোর নিরাপওা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেইসঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বাড়ানো হয়েছে টহল ব্যবস্থা।
বিশেষ করে রাতে যাতে কেউ সীমান্ত এলাকায় বিনা কারণে ঘোরাফেরা করতে না পারে সেজন্য বিজিবি’র পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান- সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।
পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি’র বাড়তি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ১০২ কিলোমিটার বেনাপোলের-রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর, রুদ্রপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।
