দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৭ কৃষকের প্রাণহানি ঘটেছে। গতকাল কুড়িগ্রামের নাগেশ্বরী, নওগাঁর নিয়ামতপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, লালমনিরহাটের কালীগঞ্জ, নওগাঁর মহাদেবপুর এবং নাটোরের লালপুরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষকরা মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে আনার সময় আকস্মিক বজ্রপাতে অনুকূল চন্দ্র মহন্ত নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অনুকূল মহন্ত ওই গ্রামের পাতু মহন্তের ছেলে।
অপরদিকে হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট উঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হীল জামান। নিহত ওবাইদুল ওই গ্রামের মো. আব্দুল হকের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরের দিকে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কৃষক মো. আব্দুর রফিক (৪৫) উপজেলার বিনোদপুর ইউনিয়নের পাকাটোলা গ্রামের মৃত আফসারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রফিক নাচোল থানার একটি মাঠে ধান কাটার সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি জানান, লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে ইউসুফ আলী (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার মৃত আরব আলী মুন্সির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা নদীর চরে ইউসুফ আলীসহ কয়েকজন কৃষক ভুট্টা তোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে বজ্রপাতে গুরুতর আহত হন ইউসুফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রাঘাতে আজিজ মণ্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পদ্মা নদীর নওসাড়া সুলতানপুর চরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ মণ্ডল নওপাড়া গ্রামের বাসিন্দা ও মসলেম মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা জানান, দুপুরে সুলতানপুর চরে নিজ জমিতে কাজ করছিলেন আজিজ মণ্ডল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। বজ্রাঘাতে তার শরীরের বাম পাশের বেশির ভাগ অংশ ঝলসে যায় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ও ২ জন কৃষক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের আলিদেওনা কুড়াপাড়া গ্রামে। বজ্রপাতে নিহত কৃষক কুড়াপাড়া গ্রামের মৃত হরিচরণ বর্মণের ছেলে দিলীপ বর্মণ (৪৫)। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন ও মৃত লক্ষণের ছেলে নারায়ণ। আহতদের উদ্ধার করে মহাদেবপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
