লিমন ও বৃষ্টির স্মরণে বিশেষ সম্মাননা, মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয়

ফ্লোরিডা ট্রেজেডি

লিমন ও বৃষ্টির স্মরণে বিশেষ সম্মাননা, মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয়

ফন্ট সাইজ:

ফ্লোরিডাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস‍্যুলেটকে চিঠি দিয়ে এ তথ‍্য জানিয়েছে। কনস‍্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্যে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মিয়ামি কনস‍্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।

এদিকে বুধবার (৬ মে) দুপুর ২ টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার পরের দিন ৭ মে রাত ৮ টা ৫০মিনিটে ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মরদেহবাহী এমিরাটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। এরপর ৯ মে সকাল ৮টা ৪০মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে। বিষয়টি তত্ত্বাবধান করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন