তিনদিনের সরকারি সফরে চীন গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এই সফরে দ্বিপক্ষীয় নানা গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের জুনের মধ্যেই বেইজিং সফর করতে পারেন প্রধানমন্ত্রী। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও ভারতের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। দুই দেশের সরকার প্রধানের সুবিধাজনক সময় ও সূচি মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি চলছে। তবে প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর হিসেবে চীনে যাবেন কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি ড. খলিলুর রহমান। তিনি বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি। এ ছাড়া প্রধানমন্ত্রী যে দেশে যাবেন সেই দেশের রাষ্ট্রপ্রধানের উপরেও এ বিষয়টি নির্ভর করছে।
গতকাল দুপুরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী। চীন সরকারের আমন্ত্রণে ৫ থেকে ৭ই মে পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি। সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক, পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন অগ্রাধিকার এবং কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হবে।
সেগুনবাগিচার তরফে জানানো হয়েছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতেও মতবিনিময় করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ড. খলিলুর রহমান জানিয়েছেন, এবারের সফরে বিশেষ গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে চীনের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। সফরসূচি অনুযায়ী, তিনি চীনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াং হানিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং-এর সঙ্গেও বৈঠক হবে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন এবং সীমান্তে ‘পুশইন’ পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন ড. খলিলুর রহমান। সতর্ক করে তিনি বলেছেন, এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

not interested
২ মাস আগেHe already travelled 10 countries within 2 months at public expense.....people should know his achievements