রাজধানীর ডেমরার হাজী বাদশা মিয়া রোড এলাকায় মাহবুবুল হক রিপন নামে এক দুবাই প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা তার স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে অস্ত্রের মুখে আটকে রেখে ডাকাতি ও নির্যাতন করে। এ ঘটনায় রিপনের শাশুড়ি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতের ছেলে মাহমুদ বলেন, রাতে সবাই ঘুমিয়ে ছিল। তখন ভবনের তৃতীয় তলার বাসার জানালার গ্রিল কেটে তিনজন ডাকাত প্রবেশ করে। সবাই কিছু বুঝে উঠার আগেই অস্ত্রের মুখে সবার হাত-পা বেঁধে নির্যাতন করতে থাকে। এ সময় বাসায় থাকা স্বর্ণ ও নগদ অর্থসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে যায়। তাছাড়া বাসায় থাকা জমির দলিলও ডাকাতরা নিয়ে যায়। এছাড়াও বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে সবকিছু লুট করে নিয়ে গেছে ডাকাত সদস্যরা। আমার ভাগ্নি মেহের, আমার মা ও বোন তখন বাসায় ছিল।
তিনি বলেন, এসময় আমার মা অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা এসে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি থানায় জানানোর পরে ঘটনাস্থলে এসে লিখিত নোট নিয়ে গেছে পুলিশ।
এই বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মির্জা বলেন, সেই বাসায় তিন ডাকাত প্রবেশ করে সবকিছু নিয়ে গেছে। তবে নির্যাতনে কেউ মারা যাননি। যিনি মারা গিয়েছে তিনি বৃদ্ধা প্রায় ৭০ বছর বয়স। উনি ভয় পেয়ে স্ট্রোক করেছেন। ভুক্তভোগীর ছেলে থানায় অভিযোগ দিয়ে গেছে।
