হযরত শাহ্‌জালাল (রহ.)’র ৭০৭তম ওরস শুরু আজ

ফন্ট সাইজ:

সিলেটের ওলিকুল শিরোমনি হযরত শাহ্‌জালাল (র.) ওরস আজ বুধবার রাত থেকে শুরু হচ্ছে। এবার মাজারে ৭০৭তম ওরস পালিত হচ্ছে। হযরত শাহ্‌জালাল (র.) ওফাত দিবসে এই ওরসের আয়োজন করা হয়। এদিকে- ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মাজার কর্তৃপক্ষের কাছে উপহার পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাজার কর্তৃপক্ষ জানান- প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ ওরস পালন করা হয়ে থাকে। ওরসের ১৫ দিন আগে লাকড়ি তোড়া উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এবার ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ওরস পালনের আয়োজন করা হয়েছে।

হযরত শাহ্‌জালাল (রহ.)’র ওরস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার বিকালে তিনি মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার তুলে দেন। এ সময় সিসিক প্রশাসক সাংবাদিকদের বলেন-প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে একটি গরু উপহার দেয়া হয়েছে। পাশাপাশি ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং মাজার এলাকায় সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেছি। তিনি বলেন- ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানে সমবেত হন। তাই এই সময়ে সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি। মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে আমরা কাজ করবো। চলমান উন্নয়ন প্রকল্পগুলোও দ্রুত সম্পন্ন করা হবে।

ওরসে আগতদের শান্তিশৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন পালনের আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। নগরবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে চাই।’ ওরস উপলক্ষে এই নিয়ে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন- পবিত্র ওরস যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন হয় সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন না ঘটে, সে বিষয়েও তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

ওরস সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে। চুরি ও ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন