সিলেটে খাজাঞ্চিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ

অভিভাবক প্রতিবাদ করায় টিসি দেয়া হলো দুই শিক্ষার্থীকে

ফন্ট সাইজ:

বিদ্যাপীঠের নানা অনিয়মের বিরুদ্ধে অভিভাবক প্রতিবাদ করায় শাস্তি পেলো দুই শিক্ষার্থী। সরাসরি দেয়া হলো ট্রান্সফার সার্টিফিকেটও (টিসি)। এমন ঘটনায় সিলেটের খাজাঞ্চিবাড়ি ইন্ট্যারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ঘটনা ঘটিয়েছেন জেলা প্রশাসকের হস্তক্ষেপে বর্তমানে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক। তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (জেনারেল ও সার্টিফিকেট শাখা)। গণ-অভ্যুত্থানের পর থেকে নানা বিষয়ে বিরোধ লেগেই আছে এ প্রতিষ্ঠানে। ট্রাস্টি বোর্ড গঠন নিয়ে প্রতিষ্ঠানের সভাপতি সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে দূরত্বের সৃষ্টি হয়েছে ট্রাস্টিদের। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।

এই অবস্থায় শিক্ষা কার্যক্রমে গতি ফেরাতে প্রায় তিন মাস আগে জেলা প্রশাসনের কর্মকর্তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন জেলা প্রশাসক সরওয়ার আলম। কিন্তু দায়িত্ব পালনের তিন মাসের মাথায় এসে অভিভাবকরা প্রতিষ্ঠান পরিচালনায় ক্ষুব্ধ। এর প্রেক্ষিতে গত ২১শে এপ্রিল প্রতিষ্ঠানের অভিভাবকদের পক্ষ থেকে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র লঙ্ঘন, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়। বিভিন্ন বিষয়ে তারা দাবি উত্থাপন করেন। আর এই সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য রেখেছিলেন এডভোকেট সেবা বেগম। তার দুই সন্তান জুহি শেওলা ও মরিয়ম জান্নাত কুশেন ওই প্রতিষ্ঠানে পঞ্চম ও প্রথম শ্রেণিতে অধ্যয়ন করছে।

অভিভাবকরা জানান, নানা অনিয়ম তুলে সংবাদ সম্মেলন করায় গত ২৭শে এপ্রিল প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকারী অভিভাবক এডভোকেট সেবা বেগমের দুই সন্তান জুহি ও মরিয়মকে টিসি প্রদান করেন। টিসিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, ‘অভিভাবক কর্তৃক আচরণবিধির বারবার লঙ্ঘনের কারণে, যা প্রতিষ্ঠানের নিয়মকানুন ও শৃঙ্খলার পরিপন্থি বলে বিবেচিত হয়েছে। ফলে কর্তৃপক্ষ এই টিসি জারি করার সিদ্ধান্ত নিয়েছে।’

একইসঙ্গে টিসিতে দুই শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের কথাও উল্লেখ করা হয়েছে। অভিভাবকের প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও টিসি প্রদানের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ওই দুই শিক্ষার্থীর অভিভাবক। বিষয়টি ৩০শে এপ্রিল তারা লিখিতভাবে জানিয়েছেন জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে। চেয়েছেন প্রতিকার। এতে দুই শিশুর পিতা তারেক আল মঈন ও এডভোকেট সেবা বেগম এতে উল্লেখ করেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী, কোনো উপযুক্ত কারণ দর্শানো ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আইনত ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করতে পারে না।’

লিখিতপত্রে তারা জানান, ‘আপনার দপ্তরের মাধ্যমে এই বিষয়টি সমাধান করতে ব্যর্থ হলে, আইনি হস্তক্ষেপের জন্য এই অভিযোগটি শিক্ষামন্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ একইসঙ্গে তারা জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) দ্রুত সহযোগিতা এবং এই বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করেন। কিন্তু দুই শিশুর পিতা তারেক আল মঈন মানবজমিনকে জানিয়েছেন, লিখিত অভিযোগ দেয়ার পর গতকাল পর্যন্ত এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মিলেনি।

অভিভাবকদের প্রতিবাদের কারণে শিক্ষার্থীদের টিসি দেয়ার বিষয়টি নিয়ে অন্য অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জেলা প্রশাসন থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি বিষয়টি শিক্ষামন্ত্রীকে অবগত করবেন বলে জানিয়েছেন। এডভোকেট সেবা বেগম জানিয়েছেন, প্রতিষ্ঠানের স্বার্থে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে অভিভাবকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে সাত দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হচ্ছে- প্রিন্সিপাল ইনচার্জ পদ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার, দুইজন অভিভাবক প্রতিনিধিসহ পূর্ণাঙ্গ ট্রাস্টি বোর্ড গঠন, বিক্ষোভের মুখে পদত্যাগকারী শিক্ষকদের পুনর্নিয়োগ বাতিল, শূন্য পদে যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, পাঠদানে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব অভিভাবকদের অবহিতকরণ এবং স্কুল পরিচালনায় পৃথক প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) নিয়োগ। সংবাদ সম্মেলনে অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের তরফ থেকে তাদের সন্তানের সঙ্গে যা করা হয়েছে, সেটি অমানবিক ও আইন লঙ্ঘন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেটি করতে পারেন না বলে জানান তিনি। এদিকে, বিষয়টি নিয়ে কথা বলতে সোমবার বিকালে সিলেটের এডিসি (শিক্ষা ও আইসিটি) এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী কমিশনার নাজমুল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মিলেনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন