ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অচলাবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় মার্কিন সামরিক উড়োজাহাজের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এসব উড়োজাহাজের বেশিরভাগই মূলত পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ।
উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষক সাইট ‘ফ্লাইটরাডার২৪’ জানিয়েছে, শনিবার (২ মে) ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক সংখ্যক সামরিক উড়োজাহাজ উড়ে যেতে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে পাঠানো উড়োজাহাজগুলোর বেশিরভাগই ‘সি-১৭এ গ্লোবমাস্টার–৩’ মডেলের সামরিক কার্গো উড়োজাহাজ। এসব মডেলের প্রতিটি উড়োজাহাজ প্রায় ৭৭ টন সরঞ্জাম ও অন্তত ১০০ জন সেনা বহনে সক্ষম।
রিপোর্টে আরও বলা হয়েছে, অন্তত ১২টি পরিবহন উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের পথে ছিল। এর মধ্যে কয়েকটি উড়োজাহাজ জার্মানি থেকে রওনা হয়। ওই অঞ্চলের দিকে বোয়িং ‘কেসি-১৩৫ স্ট্র্যাটো ট্যাঙ্কার’ মডেলের জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজকেও দেখা গেছে।
