অবৈধভাবে মজুদ পেট্রলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়া গ্রেপ্তার

অবৈধভাবে মজুদ পেট্রলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়া গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকায় অবৈধভাবে বাসায় মজুদ পেট্রল থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। পরে তাকে কারাদণ্ড প্রদান করে।

অভিযানে উমর ফারুক (৫১) নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে প্রায় ৭০ লিটার পেট্রল উদ্ধার করা হয়, যা বিভিন্ন কন্টেইনারে করে বাসার সিঁড়িঘরে সংরক্ষণ করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়, এসব দাহ্য পদার্থ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

পরে পুলিশি জিজ্ঞাসাবাদে উমর ফারুক অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় মোবাইল কোর্ট তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

এছাড়া, সরকারি নির্দেশনা অমান্য করে যানবাহন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রয়ের দায়ে স্থানীয় ইভা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন