ভারতের নয়াদিল্লিতে ৩০ বছর বয়সী এক বিচারকের মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক এলাকায় শনিবার তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তে ইনকোয়েস্ট কার্যক্রম শুরু হয়েছে। মৃত বিচারকের নাম আমান শর্মা। তিনি কারকারদুমা কোর্টের উত্তর-পূর্ব জেলার জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির (ডিএলএসএ) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। পুলিশ জানায়, শনিবার দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে তার এক আত্মীয় ফোন করে জানান, ওই বিচারক বাথরুমের ভেতরে নিজেকে আটকে রেখেছেন। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত সফদরজং হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
আমান শর্মা ২০১৮ সালে পুনের সিম্বায়োসিস ল’ স্কুল থেকে বিএ এলএলবি সম্পন্ন করেন এবং ২০২১ সালের ১৯ জুন দিল্লি জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। বিচারিক ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণি) ও সিভিল জজ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন ফৌজদারি ও দেওয়ানি মামলার শুনানি করেছেন। গত ১৮ অক্টোবর তিনি কারকারদুমা কোর্টে ডিএলএসএর পূর্ণকালীন সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শাহদারা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কে সিং বলেন, তিনি ছিলেন স্বল্পভাষী ও অন্তর্মুখী স্বভাবের মানুষ।
