এক খাল পুনঃখননে দূর হবে ১৭ গ্রামের জলাবদ্ধতা: প্রতিমন্ত্রী

এক খাল পুনঃখননে দূর হবে ১৭ গ্রামের জলাবদ্ধতা: প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, তারই অংশ হিসেবে শনিবার যশোরের সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করে স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন- বিএনপি’র নির্বাচনী অঙ্গীকার ছিল খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেন। তার ধারাবাহিকতায় হৈবতপুর ইউনিয়নের এ প্রকল্পের কাজ শুরু হলো। তিনি বলেন, এ খাল পুনঃখননের মাধ্যমে এই অঞ্চলের ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এ খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হবে। আগামী জুন মাসের মধ্যে এই খাল পুনঃখননের কাজ শেষ হবে বলে আশা করছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন