চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

চট্টগ্রামে বকেয়া বেতন ও অতিরিক্ত কর্মঘণ্টার (ওভারটাইম) মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তারা। এতে বহদ্দারহাট থেকে কালুরঘাটমুখী সড়কসহ রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও রাঙ্গামাটির কাপ্তাইমুখী সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। আলোচনার আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর বিকাল সোয়া ৫টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকদের অভিযোগ, শুধু সাম্প্রতিক বকেয়াই নয়- ২০২০ সাল থেকে টিফিন বিল বকেয়া রয়েছে। এ ছাড়া ২০২২ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ের ওভারটাইম ভাতাও পরিশোধ করা হয়নি। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তারা সড়কে নেমে অবরোধ করেন। শ্রমিক লিমন নামে বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনো পাইনি। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পুরো দেয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবার এক মাসের বেতন দেয়া হয়েছে।

আরেক শ্রমিক কবির রায়হান অভিযোগ করেন, ২০২২ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসের ওভারটাইমের প্রায় ৪৫ হাজার টাকা সিগনেচার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। খাতায় আমাদের নামও নেই। গত ৫ বছর ধরে নাস্তার বিলও দেয়া হয়নি। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন ও ওভারটাইম দ্রুত পরিশোধ, নির্ধারিত সময়ে বেতন প্রদান, অতিরিক্ত কর্মঘণ্টা কমানো, টিফিন বিল বৃদ্ধি, হাজিরা বোনাস চালু, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন এবং আন্দোলনে অংশ নেয়া শ্রমিকদের হয়রানি বন্ধ।

তবে মালিকপক্ষের দাবি ভিন্ন। জেলা শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, প্রতিষ্ঠানটির কোনো বকেয়া বেতন নেই। অর্ডার না থাকলেও মালিকপক্ষ নিয়মিত বেতন পরিশোধ করেছে। কিছু ওভারটাইম বকেয়া ছিল, সেটি পরিশোধের আশ্বাস দেয়া হয়েছিল। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে থানায় বৈঠক চলছে। শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়ায় এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন