পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, বজ্রপাতের আঘাতে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বিভিন্ন সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের আয়েশা বেগম (৫০), মঠবাড়িয়া সদর ইউনিয়নের স্বাধীন তালুকদার (২২)। এ ছাড়া, তুষখালী ইউনিয়নের মো. হাসান (২৫) নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে আয়েশা মাঠ থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, দুপুরে স্বাধীন মাঠে গরু আনতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর রাতে মাঠে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজনের ধারণা, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তার শরীরে বজ্রপাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ছাড়াও উপজেলার জানখালী গ্রামের হাসান (২৫) বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তার সঙ্গে থাকা সোহেল জানান, বজ্রপাতের আঘাতে তিনি নদীতে পড়ে যান। পরবর্তীতে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
