ছায়ানটে অনুষ্ঠিত সমধারার দ্বাদশ কবিতা উৎসব

ছায়ানটে অনুষ্ঠিত সমধারার দ্বাদশ কবিতা উৎসব

ফন্ট সাইজ:

রাজধানীর ছায়ানট মিলনায়তনে ‘ইপসা-সমধারা দ্বাদশ কবিতা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘কবিতাই পারে’-এ শ্লোগানকে সামনে রেখে সাহিত্য বিষয়ক ম্যাগাজিন সমধারার উদ্যোগে শনিবার বিকালে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বর্তমানের পুঁজিবাদী উন্নয়ন ধারা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং প্রকৃতির সঙ্গে শত্রুতা তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি ও অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের চূড়ান্ত লক্ষ্য ও পরিচয় হলো তার সংস্কৃতি। সভ্যতা ধ্বংস হতে পারে, কিন্তু সংস্কৃতি টিকে থাকে। ৩০০০ বছর আগে প্যাপিরাসে লেখা হোমারের কবিতা আজও মানুষের স্মৃতিতে অম্লান থাকা তার বড় প্রমাণ।’

কবি প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক হারুন হাবীব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক মজিদ মাহমুদ, কবি নজমুর হেলাল, শিশুসাহিত্যিক রহীম শাহ প্রমুখ।

তিন পর্বের উৎসব পরিচালনা করেন সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন। দ্বিতীয় পর্বের আয়োজনে সমধারা সাহিত্য পুরস্কার-২০২৬ গ্রহণ করেছেন কথাসাহিত্যে জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল, কবিতাসাহিত্যে কবি আদ্যনাথ ঘোষ এবং শিশুসাহিত্যে বিজ্ঞানী ও প্রবাসী ছড়াকার ধনঞ্জয় সাহা। ধনঞ্জয় সাহার পক্ষে পুরস্কার গ্রহণ করেন শিশুসাহিত্যিক রহীম শাহ।

তৃতীয় পর্বে উৎসবে বিশেষ আকর্ষণ কথাসাহিত্যে পুরস্কারপ্রাপ্ত মোস্তফা কামালের পাঠকপ্রিয় উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’ অবলম্বনে কাব্যগীতি নৃত্যনাট্য ‘প্রেমার্ঘ্য নৈবেদ্য’।

প্রয়াত কবি সরোজ দেবকে উৎসর্গকৃত দেশের অন্যতম বৃহৎ পরিসরে এ কবিতা উৎসবে ২০০ জন অগ্রজ ও অনুজ কবি-লেখক উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন