শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে পারেন পেশাদার হিসাববিদ ও অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। নিয়োগ চূড়ান্ত হলে বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর স্থলাভিষিক্ত হবেন মাসুদ খান। সরকার ইতিমধ্যেই বিএসইসিতে চেয়ারম্যান নিয়োগে বয়সসীমা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বয়সের সীমা তুলে দেয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। মন্ত্রিসভায় এই অনুমোদনের পরে সংসদের চলতি অধিবেশনেই আইনের সংশোধনী পাস হতে পারে বলে আশা করছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা। এরপর বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। মাসুদ খান বর্তমানে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক।
তিনি ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস, জিএসকে এবং স্থানীয় করপোরেট গ্রুপে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, যার মধ্যে ২৩ বছর বোর্ড লেভেলে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মাসুদ খানের প্রায় ৫০ বছর বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
