বাড়লো বাস ভাড়া

ফন্ট সাইজ:

দেশের বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে গণপরিবহনের ভাড়া ‘সমন্বয়’ করেছে সরকার। ফলে গণপরিবহনে ভাড়া আগের চেয়ে কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা বহাল থাকছে। সেই হিসেবে প্রতি ৯ কিলোমিটারে ১ টাকা বাড়ছে ভাড়া। বৃহস্পতিবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল এই ভাড়া। সন্ধ্যায় কাওরান বাজার থেকে সায়েদাবাদমুখী; শাহবাগ থেকে উত্তরা ও মিরপুরমুখী বেশ কয়েকটি বাসে খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে ঢাকার কিছু কিছু গণপরিবহনে এই বাড়তি ভাড়া গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম গণপরিবহনে ভাড়া বাড়ানোর ঘোষণা দেন। পরে বিকালে ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, গণপরিবহনের ভাড়া বাড়ানোকে আমরা সমন্বয় হিসেবে দেখছি। ভাড়া বৃদ্ধি হিসেবে দেখতে চাচ্ছি না। পরিবহন মালিকদের সঙ্গে আমাদের পর্যাপ্ত আলোচনা হয়েছে। জনস্বার্থ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এবং আন্তঃজেলা ও মিনিবাসের ক্ষেত্রে ১১ পয়সা বাড়ানো হচ্ছে। পরিবহন মালিকদের ২৮ পয়সা বাড়ানোর দাবি ছিল। পরবর্তীতে এসে ২২ পয়সা হয়। আমরা ২দিন সবার সঙ্গে মিটিং করে ১১ পয়সা ভাড়া সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি। তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় সমন্বয় করা হবে।

বাসচালক ও সহকারীরা জানিয়েছেন, বাড়তি ভাড়া আদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। শুক্রবার থেকে নির্ধারিত পরিমাণ ভাড়া আদায় করা হবে। তবে, কিছু কিছু বাসে বাড়তি ভাড়া আদায় নিয়ে বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছে। বাসের হেল্পারদের কেউ কেউ জানিয়েছেন, তারা এখনো বাড়তি ভাড়ার বিষয়ে জানেন না।

শিকড় পরিবহনের হেল্পার মাহবুবুর রহমান বলেন, ভাড়া বেড়েছে জানি না। সকালেই আমরা বের হয়েছি। এর মধ্যে কী হয়েছে বলতে পারছি না। তবে যেহেতু বাড়িয়েছে, বাড়তি নিতে হবে নিয়মানুযায়ী। এয়ারপোর্ট পরিবহনের আলী হোসেন বলেন, তেলের দাম বাড়ার পর আমাদের লস হয়েছে। কেননা, বাড়তি যে টাকা যাচ্ছে সেটি আমাদের বেতন থেকেই কেটে রাখা হয়েছে। এখন যেহেতু ভাড়া বেড়েছে, আশা করি বাড়তি নিলে আমাদের বেতনের বিষয়টি সুরাহা হবে। বিআরটিসি বাসে হেল্পার সবুজ বলেন, সরকার ভাড়া বাড়িয়েছে জানি। তবে আজ আমরা আগের ভাড়াই নিচ্ছি। বাড়তি ভাড়া নেয়ার নির্দেশনা আগামীকাল থেকে আসবে।
নতুন নির্ধারিত ভাড়া মূলত ২০২৪ সালের ১লা এপ্রিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। বিআরটিএ’র জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে উল্লিখিত যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ৪২ টাকার স্থলে ২ দশমিক ৫৩ টাকা; আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ১২ টাকার স্থলে ২ দশমিক ২৩ টাকা করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ৩২ টাকার স্থলে ২ দশমিক ৪৩ টাকা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ কর্তৃক অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস/মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনঃনির্ধারিত করতে হবে। সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রী ও পণ্য পরিবহন কমিটি হতে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

২০২২ সালের ৫ই আগস্ট ডিজেলের দাম লিটার প্রতি ৩৪ টাকা বাড়িয়ে ৮০ টাকা থেকে ১১৪ টাকা নির্ধারণ করা হয়। সে সময় শুধু ডিজেলের মূল্যবৃদ্ধির ভিত্তিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ দশমিক ২০ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের ভাড়া যথাক্রমে ২ দশমিক ৪০ টাকা ও ২ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ডিজেলের দাম কমায় ভাড়া ১৪ পয়সা কমার কথা। যদিও এ সময়ের মধ্যে দুই দফায় ৩ পয়সা ও ৫ পয়সা ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয় সরকার, কিন্তু বাস্তবে এর কোনো প্রভাব পড়েনি। সেসময় বাসের ভাড়া কমাননি পরিবহন মালিকরা। পরে সম্প্রতি ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা করা হলে পরিবহন মালিকরা ভাড়া বাড়ানোর জন্য সরকারকে চাপ দিতে থাকে। তিন দফায় আলোচনার পর সুবিধাজনক সংখ্যায় ভাড়া নির্ধারণ করে সরকার।

এ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ২০২২ আর ২০২৬ সাল ভিন্ন। ২০২৬ সালে যারা বসেছে তারা পারার জন্য বসেছে। যারা ব্যর্থ হয়েছে সেটা তাদের দায়। তিনি বলেন, নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ‘পুনঃবিবেচনা’ করা যেতে পারে। কিন্তু আমরা যেহেতু শুধুমাত্র ‘সমন্বয়’ করছি, সমন্বয়ের ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েছি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন