যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। নিহতের নাম সকিনা বেগম (৬০)। তিনি লাল চাঁদ খলিফার স্ত্রী এবং বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে- সকিনার ছেলে শহিদুল গত মঙ্গলবার সকালে বড়বাজারে তার দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে গেছেন। পরে রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মা’কে না পেয়ে পুনরায় খোঁজ নেন।
তখনও তার স্ত্রী জানান, তিনি বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসার সামনে একটি বস্তার মধ্যে লাশ দেখতে পান শহিদুল। পরবর্তীতে তিনি ও তার বোন শাহিদা বেগম লাশটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
