৫ কেন্দ্রে শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা শুরু

৫ কেন্দ্রে শিক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এ পরীক্ষায় দুই জেলায় চারটি কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রথমদিন ছিলেন অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ জন বহিষ্কার ৬।

শিক্ষামন্ত্রী পরিদর্শনে গিয়ে কথা বলেন, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিন বাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়ার মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা কেন্দ্রগুলোয় স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের কাছে মন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার পরীক্ষা কেন্দ্রগুলো সকাল সাড়ে ৮টার মধ্যে খোলার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কেন্দ্রগুলোতে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী শিক্ষার্থীদের নির্ভয়ে ও আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। এ ছাড়া অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশপাশে অযথা ভিড় না করার অনুরোধ করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। এ ছাড়াও শিক্ষামন্ত্রী বলেন, একটি কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি। ওই কেন্দ্রটিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছিল। সে কারণে সেখানে গিয়েছিলাম। প্রশ্নফাঁস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সাইবার অপরাধ যেন আমার খাতে না ঘটে, সে বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নেয়া হয়েছে। সব ধরনের বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।

বোর্ডগুলো থেকে গণমাধ্যমে পাঠানো তথ্যানুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে ছয়জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এদিন সব বোর্ড মিলিয়ে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ১১ হাজার ৮৯০ জন। এদিন দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে- একজন ঢাকা বোর্ডে এবং একজন দিনাজপুর বোর্ডে।

মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর। এতে অনুপস্থিত ১১ হাজার ২১১ জন। মাদ্রাসা বোর্ডে সারা দেশে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ২ হাজার ৩০৭ জন। কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি; তবে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন