রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে টাইগ্রেস ওপেনার শারমিন আক্তারের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৮৬ রানের ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন শারমিন।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা নারী দলের দেয়া ২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫ রানে ২ উইকেট হারানোর পর ৩৪ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। এরপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের পথে রাখেন শারমিন আক্তার। দলকে জিতিয়ে ফিরতে না পারলেও খেলেন ম্যাচসেরা ইনিংস। আউট হওয়ার আগে করেন ৮৬ রান। ১২৭ বলে খেলা তার এই ইনিংসটি ১৩টি চারে সাজানো। যেটি ওয়ানডেতে রান তাড়ায় কোনো টাইগ্রেস ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। এর আগের রেকর্ডটিও ছিল শারমিনের। ২০২৪ নালে আয়ারল্যান্ডের বিপক্ষে রান তাড়া করতে নেমে ৭২ রান করেন তিনি। এর সুফল পেলেন শারমিন। গতকাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে ব্যাটারদের তালিকায় শারমিন উঠে আসেন ২২তম স্থানে। সাত ধাপ উন্নতি করে এখন তিনি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে। বাংলাদেশিদের মধ্যে তার পরে অবস্থান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। একধাপ পিছিয়ে ৩৮তম স্থানে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলে ৮ ধাপ এগিয়ে ৫০ নম্বরে আছেন সোবহানা মোস্তারি।
ব্যাটারদের পাশাপাশি আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়েও টাইগ্রেসদের জয়জয়কার। ১ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১৩ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তরুণ স্পিনার রাবেয়া খানও ১ ধাপ এগিয়ে ২০তম স্থানে আছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন পেসার মারুফা আক্তার। ৯ ধাপ এগিয়ে তিনি এখন যৌথভাবে ৪৩ নম্বর স্থানে উঠে এসেছেন।
এদিকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট পঞ্চম স্থান ধরে রেখেছেন। ভারতীয় ওপেনার শেফালি ভার্মা দুই ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন। স্মৃতি মান্ধানা বর্তমানে বিশ্বের চতুর্থ সেরা টি-টোয়েন্টি ব্যাটার। এছাড়া বোলারদের তালিকায় ৫ ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার নকুলেকো ম্লাবা। তবে অলরাউন্ডারদের তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার এমেলিয়া কের।
আইসিসি নারী ওয়ানডে র্যাঙ্কিং
সুখবর পেলেন শারমিন
স্পোর্টস ডেস্ক
খেলা
১ মাস আগে
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৭ঃ৫৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
