রাঙ্গামাটি শহরকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে রাঙ্গামাটি পৌরসভা কর্তৃপক্ষ। মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ এবং নাগরিকদের সুস্থতা নিশ্চিত করতে শুরু করা হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাঙ্গামাটি পার্কের সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহাম্মেদ এবং স্থানীয় সাংবাদিক আলমগীর মানিক, রাজু প্রসাদ দে, দোলন বড়ুয়াসহ অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শহরের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দেয়া হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, শুধু কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কার্যক্রম চালু থাকলে শহরের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি রোগবালাইও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
রাঙ্গামাটিতে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান
রাঙ্গামাটি প্রতিনিধি
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
