বরগুনার আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আঠারোগাছিয়া ইউনিয়নের সোনালী গ্রামের মিরাজুল ইসলাম সাওন (২০) ও সদর ইউনিয়নের মহিষডাঙ্গা এলাকার বেল্লাল (৩৫)। এ ছাড়া আহতরা হলো- অটোরিকশা চালক ফাহাদ (২০), জসিম সিকদার, তুহিন (২২)সহ আরও তিনজন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মহিষকাটা এলাকা থেকে আমতলীর দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বেল্লাল নিহত হয়। গুরুতর আহত হয় অটোরিকশায় থাকা বাকি যাত্রীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. পপি হালদার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় পটুয়াখালী এলাকায় পৌঁছানোর আগেই মিরাজুলের মৃত্যু হয়। আমতলী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমতলীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৫
আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
