হামের উপসর্গে প্রাণহানি দেড়শ’ ছাড়ালো

আরও ১০ শিশুর মৃত্যু

হামের উপসর্গে প্রাণহানি দেড়শ’ ছাড়ালো

ফন্ট সাইজ:

সারা দেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হামেই হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর ৬ জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে। ১৫ই মার্চের পর থেকে এ পর্যন্ত হামে প্রাণহানি ছাড়ালো দেড়শ’। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫ই মার্চের পর থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৫১ জন। এ ছাড়া ১৫ই মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৬৫৬ জন।

ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে তথ্য দিন: প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হামের টিকাদান ক্যাম্পেইন। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সর্বস্তরের সবাইকে নিয়ে যে যার এলাকায় সাংগঠনিক শক্তি নিয়ে এই ক্যাম্পেইন সফল করুন। এই ক্যাম্পেইন রাজনীতিবিদদের জন্য সুযোগ। আপনারা ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে তথ্য দিন। গতকাল টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই জনস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে। গত পরশু প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।