প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে রেলিগেশন থাকছে না

প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে রেলিগেশন থাকছে না

ফন্ট সাইজ:

এ বছর প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে রেলিগেশন থাকছে না। শনিবার মিরপুরে ৪৪টি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এ সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু গতকাল গণমাধ্যমকে বলেন, ‘এবার কারো জন্যই কোনো রেলিগেশন (অবনমন) থাকছে না।’ গত অক্টোবর থেকে বিসিবি’র নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবগুলোর বড় একটি অংশ বিদ্রোহ ঘোষণা করেছিল। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড সেই সময় অংশ না নেয়া ক্লাবগুলোকে নিচের লীগে অবনমিত করে দেয়ার সিদ্ধান্ত নেন। তবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ওই বোর্ড ভেঙে দেয়ার পর পরিস্থিতি বদলে গেলো। রেলিগেশন বাতিল হলেও ওপরের স্তরে পদোন্নতি বা প্রমোশন পাওয়া চার দল- গুলশান ক্লাব, ইয়াং পেগাসাস ক্লাব-এ, ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং বসুন্ধরা রাইডার্সের ভাগ্য ঝুলে আছে। বিসিবির এবটি সূত্র জানিয়েছে, এই চারটি ক্লাবকে ওপরের লীগে না তুলে সেখানেই রাখার প্রস্তাব দেয়া হলেও তারা তা মানতে রাজি নয়। আগামী কয়েকদিনের মধ্যে আরও আলোচনার মাধ্যমে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। যদি তারা রাজি না হয়, তবে আগামী মৌসুমে প্রিমিয়ার লীগের দল সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৪ এবং প্রথম বিভাগে ২০ থেকে বাড়িয়ে ২২টি করা হতে পারে। স্থবির হয়ে থাকা ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) আগামী ৫ই মে থেকে শুরু করার পরিকল্পনা আসরের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর। ২১ ও ২২শে এপ্রিল হতে পারে দলবদল। প্রিমিয়ার লীগের ১২টি ক্লাবের মধ্যে ৯টি আমিনুল ইসলামের বোর্ডের অধীনে খেলতে রাজি ছিল না। তবে তামিম ইকবাল বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন বাদে বাকিরা মাঠে নামতে একমত হয়েছে। বিসিবি পরিকল্পনা করছে ঢাকার ৬টি মাঠ ভাড়া নিয়ে একদিনে ৬টি ম্যাচ আয়োজন করার। যাতে দ্রুততম সময়ে সিঙ্গেল লীগ পর্ব শেষ করা যায়। লীগ শুরুর সম্ভাব্য সময় নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা সামনের দিকে এগোচ্ছি। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা প্রায় শেষ। আমরা চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের প্রথম সপ্তাহে খেলা শুরুর পরিকল্পনা করছি।’ দ্বিতীয় বিভাগের ১২টি ক্লাব আমিনুল ইসলামের বোর্ডের আয়োজনে হওয়া লীগে অংশ নেয়নি। খেলোয়াড়দের ফিটনেস ও কর্মসংস্থানের কথা চিন্তা করে তাদের নিয়ে একটি আলাদা টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব এসেছে। বিসিবির সঙ্গে বৈঠকে অংশ নেয়া ক্লাবগুলোই এই প্রস্তাব দিয়েছে। এদিকে তৃতীয় বিভাগ লীগের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ।


ওয়ানডে ফরম্যাটে ফিরছে জাতীয় চ্যাম্পিয়নশিপ
আগামী ১৫ই এপ্রিল থেকে বিকেএসপির দুই ভেন্যুতে জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু হবে। বৃষ্টির শঙ্কা, মাঠের স্বল্পতা বিবেচনা করে এবার টুর্নামেন্টটি হবে ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন