সৌদি প্রো লীগে দীর্ঘ সাত বছরের শিরোপা খরা কাটানোর পথে আরও একধাপ এগিয়ে গেল আল-নাসর। শনিবার রাতে আল-আখদুদের মাঠে ২-০ গোলের জয়ে নতুন রেকর্ডও গড়ে ক্লাবটি। প্রো লীগে এটি ছিল তাদের টানা ১৪তম জয়। দলের হয়ে এদিন প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে হাজারতম গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে যান পর্তুগিজ মহাতারকা। প্রিন্স হাথলুল বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আল-নাসর। পঞ্চদশ মিনিটে দলকে লিড এনে দেন অধিনায়ক রোনালদো। নাওয়াফ বু ওয়াসলের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন এই ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে ২৪ লীগ ম্যাচে সিআরসেভেনের এটি ২৪তম গোল। ২৭ ম্যাচে ২৭ গোল করা আল আহলির আইভান টনি সবার উপরে। ক্যারিয়ারের হাজার গোলের
মাইলফলকের পথে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়ালো ৯৬৮। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও ফেলিক্স। কিংসলে কোমানের হেড পোস্টে লেগে ফিরে এলে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ তারকা। মোহাম্মদ সিমাকানের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল না হলে জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘আরও এক ধাপ এগিয়ে। আমরা এক হয়ে, আমাদের চাওয়ার লক্ষ্যে স্থির। সবসময় আমাদের পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ।’ এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আল-নাসর। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-হিলাল। লীগে বাকি আর মাত্র ৬ ম্যাচ। ২০২২-এ সৌদি আরবে পাড়ি জমানোর পর এটিই হতে যাচ্ছে রোনালদোর প্রথম বড় কোনো শিরোপা। এবং ২০১৯-এর পর প্রথম লীগ জয়ের হাতছানি আল-নাসরের সামনে। আগামী বুধবার আল-ইত্তিফাকের মুখোমুখি হবে রোনালদোরা।
আল-নাসরের রেকর্ডের রাতে মাইলফলকের আরও কাছে রোনালদো
স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
