আদালত অবমাননার অভিযোগে ২ মাসের দণ্ড দেয়া হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বাবু পাটোয়ারীকে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে এ সাজা দেন।
এর আগে, শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ফেসবুকে পোস্ট দেয় বাবু পাটোয়ারী। রাজধানীর মিরপুরের এই বাসিন্দা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর উত্তর যুবলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত ৪ই এপ্রিল ফেসবুক পোস্টে জানায়, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরসহ কয়েকজন দেশি-বিদেশি এজেন্সি থেকে ১২ হাজার কোটি টাকা ঘুষ নিয়েছেন। পরে জননেত্রী শেখ হাসিনাকে তারা ফাঁসির দণ্ড দিয়েছেন। এসব অপরাধের প্রমাণ গোপন করতে ট্রাইবুনালের সিসিটিভি ফুটেজ গায়েব করে দিয়েছেন।
এসব পোস্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর শাইখ মাহাদী গত ৭ই এপ্রিল বাবু পাটোয়ারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন ট্রাইব্যুনালে। সেদিন রাতে বাবু পাটোয়ারীকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করেন প্রসিকিউশন। পরে, তাকে না পেয়ে ইলেক্ট্রনিক ডিভাইস জব্দে করে প্রসিকিউশন। পরে গত সপ্তাহের বুধবার ট্রাইব্যুনালে এসে বাবুর স্ত্রী ইসমাত জেরিন মলি একটি মুচলেকা দেন এই মর্মে যে, তার স্বামী বাবু কে রবিবারের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করবে। এরই প্রেক্ষিতে আজ স্ত্রী সহ হাজির হন বাবু পাটোয়ারী। পরে শুনানি শেষে বাবু পাটোয়ারী কে দু মাসের কারাদণ্ড ও তার স্ত্রীকে খালাস দেন ট্রাইব্যুনাল।
