পাকিস্তান সুপার লীগে (পিএসএল) কেবল নিজের ছন্দ খুঁজে পেতে শুরু করেন পারভেজ হোসেন ইমন। বিদেশের মাটিতে প্রথম ফ্র্যাঞ্চাইজি লীগের অভিজ্ঞতাটাও হচ্ছিল দারুণ। তবে এক অনাকাঙ্ক্ষিত চোটে যাত্রা থামলো টাইগার ব্যাটারের ব্যাটার। কাঁধের গুরুতর চোটের কারণে পিএসএলের মাঝপথেই লাহোর কালান্দার্স শিবির ছাড়তে হচ্ছে ইমনকে। পুরো আসরের জন্য ছিটকে গিয়ে আক্ষেপে পুড়ছেন তিনি।
গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে গত ৩রা এপ্রিল ফিল্ডিং করার সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইমন। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় তাকে। পরে এমআরআই রিপোর্টে ধরা পড়ে, তার কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে। ফলে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এ বাঁহাতি ব্যাটারকে। ফলে চলতি আসরে লাহোরের হয়ে আর মাঠে নামা হচ্ছে না তার। পিএসএল থেকে ছিটকে গিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক বার্তা দেন ইমন। তিনি লেখেন, ‘চোটের কারণে আমার পিএসএল যাত্রা এভাবে শেষ হয়ে যাওয়ায় আমি সত্যিই মর্মাহত। এই সুযোগটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত ছিলাম এবং মনে হচ্ছিল আমি কেবল নিজের ছন্দ খুঁজে পেতে শুরু করেছি। তবে আল্লাহই ভালো জানেন এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’
বিদেশের মাটিতে প্রথম সুযোগে লাহোর কালান্দার্সের ভ্রাতৃত্বের অভিজ্ঞতায় মুগ্ধ ইমন, ‘এটি ছিল আমার প্রথম বিদেশী ফ্র্যাঞ্চাইজি। এবং এই দলের মধ্যে কালান্দার্সের ভ্রাতৃত্বের অভিজ্ঞতা লাভ করতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ।’ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ ২৩ বছর বয়সী ব্যাটার আরও লেখেন, ‘আপনাদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ। এ মৌসুমে যাত্রাটা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। দূর থেকে হলেও দলের ছেলেদের সমর্থন দিয়ে যাব। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আবার দেখা হবে। হৃদয় থেকে... কালান্দার্স।’
পিএসএলের চলমান আসরে লাহোরের জার্সিতে তিনটি ম্যাচ খেলার সুযোগ পান ইমন। প্রথম দুই ম্যাচে রান না পেলেও, নিজের শেষ ম্যাচে বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় খেলেন ৪৫ রানের ইনিংস। সবমিলিয়ে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করে নিজের সামর্থ্যের জানান দিচ্ছিলেন এ টাইগার ওপেনার। লাহোর ম্যানেজমেন্টও তার ওপর আস্থা রাখছিল। তবে চোটের কারণে অকালেই সেই পথচলার অবসান হলো।
