ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডলে এ তথ্য জানান। মোদি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।
ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন: এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে এক বার্তায় এই অভিনন্দন জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।
জয়ী দল হিসেবে বিএনপি ও চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রুবিও লিখেছেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।'
একইসঙ্গে নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। রুবিও লেখেন, 'এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।'
চীনের অভিনন্দন: ওদিকে নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকেও অভিনন্দন জানিয়েছে দেশটি। শুক্রবার এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস বলেছে, একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কেও জানাই আন্তরিক অভিনন্দন। চীনা দূতাবাস আরও বলেছে, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় আছি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন: পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার দলের নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে অভূতপূর্ব বিজয়ের নেতৃত্ব দেয়ায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাই। একই সঙ্গে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। বার্তায় বলা হয়, দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। শাহবাজ শরীফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন: ওদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম এই ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসেবেও উল্লেখ করেছেন। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা এই তথ্য জানিয়েছে। আনোয়ার ইব্রাহিম বলেন, অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে থাকার পরও বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে একটি স্পষ্ট রায় দিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমার প্রিয় বন্ধু মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই। আনোয়ার ইব্রাহিম লেখেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
