নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা মামলার আসামি বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা মামলার আসামি বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নোয়াখালী সদর উপজেলায় চাঁদা না পেয়ে বৃদ্ধ মো. আবদুল হাইকে (৭৫) পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. লিটন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন চৌধুরী নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের চৌধুরী ব্যাপারীর ছেলে এবং নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে এই হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃদ্ধ আবদুল হাই নিজের জমিতে নির্মাণকাজ শুরু করলে লিটন চৌধুরীর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় লিটন ও তার সহযোগীরা আবদুল হাই এবং তার দুই ছেলের ওপর হামলা চালায়। বৃদ্ধ আবদুল হাইকে বেধড়ক মারধরের পর একটি সেতু থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার সকালেই লিটন চৌধুরীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিএনপি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন