নিজেদের ৫৪ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বায়ার্নের

নিজেদের ৫৪ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বায়ার্নের

ফন্ট সাইজ:

জার্মান ফুটবলের রেকর্ড বুক যেন নিজস্ব সম্পত্তিতে পরিণত করছে বায়ার্ন মিউনিখ। এবার তো নিজেদেরই ৫৪ বছর আগের এক রেকর্ড নতুন করে গড়লো বাভারিয়ানরা। জার্মান বুন্ডেসলিগায় শনিবার রাতে সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে বায়ার্ন। সেইসঙ্গে, এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নতুন করে লিখেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

১৯৭১-৭২ মৌসুমে ১০১ গোল করে রেকর্ডটি নিজেদের নামের পাশে লেখে বায়ার্ন। চলতি মৌসুমে ২৯তম ম্যাচেই তা টপকে গেল হ্যারি কেইন-জামাল মুসিয়ালারা। চলমান আসরে তাদের মোট গোল সংখ্যা ১০৫! ম্যাচের নবম মিনিটে জামাল মুসিয়ালা হেডে বল জালে জড়াতেই সেই পুরনো ১০১তম গোলের মাইলফলক স্পর্শ করে তারা। ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখাতে দরকার ছিল আরও একটি গোল। ৫৩তম মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান লিওন গোরেৎস্কা। তার গোলেই লেখা হয় বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলের নতুন অধ্যায়। এরপর একে একে জাল খুঁজে নেন মাইকেল ওলিসে, নিকোলাস জ্যাকসন এবং রাফায়েল গেরেইরো। ঘরের মাঠে পুরোপুরি বিধ্বস্ত হয় সেন্ট পাউলি। দলের প্রধান গোলমেশিন হ্যারি কেইন এদিন বেঞ্চে থেকেই সতীর্থদের গোল উৎসব উপভোগ করেন।

এ জয়ে ৩৫তম লীগ শিরোপার পথেও বড় লাফ দিলো বায়ার্ন। ২৯ ম্যাচে ২৪ জয়ে তাদের পয়েন্ট এখন ৭৬। একই রাতে লেভারকুসেনের কাছে হেরে বাভারিয়ানদের আরও সুবিধা করে দিয়েছে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে দুইয়ে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ব্যবধান ১২।

বায়ার্নের এখনও ৫ ম্যাচ বাকি। এই ক’দিনের মধ্যে গোলের রেকর্ডটি রেকর্ডটি তারা কতো উঁচুতে নিয়ে ঠেকায়, সেটাই এখন দেখার বিষয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন