এদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এদেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।
১৯৪৭-এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এদেশে যত গণ-অভ্যুত্থান হয়েছে, এমনকি চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা বিএনপি একমাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা করেছে। নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। কিন্তু একমাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না। গণ-আন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকারসহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।
