‘এটা চাঁদেও পেনাল্টি হতো’ পয়েন্ট খুইয়ে ক্ষুব্ধ রিয়াল কোচ

‘এটা চাঁদেও পেনাল্টি হতো’ পয়েন্ট খুইয়ে ক্ষুব্ধ রিয়াল কোচ

ফন্ট সাইজ:

স্প্যানিশ লা লিগার শিরোপার সম্ভাবনা আরও ফিকে হলো রিয়াল মাদ্রিদের। শুক্রবার রাতে ঘরের মাঠে জিরোনার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট হারিয়েছে অল হোয়াইটরা। ম্যাচ শেষে আলোচনায় রেফারিং। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পেকে করা একটি ফাউলকে কেন্দ্র করে ক্ষুব্ধ রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। তার মতে, ওটা চাঁদেও পেনাল্টি হিসেবে গণ্য হতো!

ঘটনাটি ম্যাচের ৮৮তম মিনিটে। জিরোনার ডিফেন্ডার ভিতর রেইসের কনুইয়ের আঘাতে ডি-বক্সের ভেতর পড়ে যান এমবাপ্পে। ফরাসি তারকার কপাল ফেটে রক্তও বের হতে দেখা যায়। তবুও রেফারি ফাউলের বাঁশি বাজাননি। টিভি রিপ্লেতে ফাউলটি স্পষ্ট মনে হলেও রেফারি জাভিয়ের আলবেরোলা পেনাল্টির বাঁশি বাজাননি, এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) দেখেননি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে য় রিয়াল বস বলেন, ‘এটা এখানে তো বটেই, এমনকি চাঁদেও পেনাল্টি হতো! এমন ঘটনা বারবার ঘটছে। ভিএআর তখনই হস্তক্ষেপ করে যখন তাদের সুবিধা হয়, আর যখন দরকার হয় না তখন নিশ্চুপ থাকে।’ রেফারিং নিয়ে নিজের দীর্ঘদিনের অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছিলাম যে আমাদের রেফারির সঙ্গে সমস্যা চলছে। মায়োর্কা ম্যাচেও একই চিত্র ছিল। এমবাপ্পে প্রথমার্ধে এর চেয়েও কম ফাউল করে কার্ড পেয়েছে। অথচ এখন তার মুখ থেকে রক্ত ঝরছে, তবে রেফারি কিছুই দেখলেন না। এটা সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি।’ চ্যাম্পিয়নস লীগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের পর এদিনের ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন থাকলো রিয়াল। লা লিগায় আগের রাউন্ডে মায়োর্কার মাঠে ২-১ গোলে হারে তারা। ৩১ ম্যাচে ৭০ পয়েন্টে টেবিলের দুইয়ে রিয়াল। দলের হয়ে ৫১তম মিনিটে এদিন একমাত্র গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। তবে মিনিট দশেকের মধ্যেই জিরোনার সমতাসূচক গোলটি করেন থমাস লেমার।

জিরোনা ম্যাচে এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র গোল করতে ব্যর্থ হওয়ায় সংবাদ সম্মেলনে তাদের ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে। শিষ্যদের জন্য ঢাল হয়ে দাঁড়ান আরবেলোয়া। তার মতে সমস্যাটা ব্যক্তিগত নয়, বরং দলের সম্মিলিত আক্রমণাত্মক কাঠামোর। এ স্প্যানিশ কোচ বলেন, ‘যাদের পরিসংখ্যান এমন ঈর্ষণীয়, তাদের নিয়ে আমি চিন্তিত হতে পারি না। ওরা বিশ্বের সেরা ৪-৫ জনের মধ্যে পড়ে। আমাদের সমস্যা হলো রক্ষণাত্মক দলগুলোর বিপক্ষে খেলার কৌশলে। আমাদের সম্মিলিত পারফরম্যান্সে উন্নতি প্রয়োজন।’

এই ড্রয়ের ফলে লীগ টেবিলের সমীকরণ আরও জটিল হলো রিয়ালের জন্য। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লীগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামবে অল হোয়াইটরা। ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করতে হলে বায়ার্নের মাঠে আরেকবার প্রত্যাবর্তনের রূপকথা লিখতে হবে রিয়ালকে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন