প্রতি বছরের মতো এবারো দিনব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রমের মধ্যদিয়ে স্মরণ করা হলো প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব খালেদ খান যুবরাজ ও সংগীতশিল্পী মিতা হককে। গতকাল মিতা হকের পঞ্চম প্রয়াণ দিবস উপলক্ষে কেরানীগঞ্জে তাদের নিজ বাসায় এই আয়োজন করা হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকার বিভিন্ন বয়সী নারী ও শিশু অংশ নেন এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে। তারা নিজেদের সমস্যার কথা জানিয়ে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করেন। শিল্পী সংস্থা ‘সুরতীর্থ’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে থেকে রোগীদের সেবাপত্র বুঝিয়ে দেন ফারহিন খান জয়িতা ও মোস্তাফিজ শাহিন। তারা খালেদ খান ও মিতা হক দম্পতির কন্যা ও জামাতা। ‘মিতা-যুবরাজ ফ্রি হেলথ ক্যাম্প’ শীর্ষক এ আয়োজনে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আয়োজকরা জানান, খালেদ খান ও মিতা হক সব সময় মানুষের জন্য কাজ করেছেন এবং মানুষের মাঝেই থাকতে চেয়েছেন। তাদের সেই আদর্শকে ধারণ করতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য, মিতা হকের জন্ম ১৯৬২ সালে। ছোটবেলায় চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সন্জীদা খাতুনের কাছে সংগীতের তালিম নেন তিনি। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০২০ সালে তিনি একুশে পদক লাভ করেন। এর আগে ২০১৬ সালে পেয়েছিলেন শিল্পকলা পদক।
খালেদ খান ও মিতা হককে স্মরণ
স্টাফ রিপোর্টার
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
