গত মার্চে সারাদেশে সংঘটিত ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। শনিবার সড়ক দুর্ঘটনাবিষয়ক মাসিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, নিহতদের মধ্যে নারী ৬৬, শিশু ৯৮। সংঘটিত ২১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৪ জন, যা মোট নিহতের ৩৮.৩৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.০২ শতাংশ। এতে ৭৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৪.৮৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৬ জন, অর্থাৎ ১২.৪০ শতাংশ।
তাছাড়া, ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। ৪৮টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৬৭ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সংঘটিত দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী ২০৪ জন, বাসের যাত্রী ৪৫ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর আরোহী ২৮ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ৪৬ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-পাখিভ্যান-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ২৩ জন এবং বাইসাইকেল আরোহী ১৩ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন।
