চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি হিন্দু মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতে মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভেঙে নগদ অর্থ ও অলংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বুড়ির দোকান এলাকায় অবস্থিত মা মগদেশ্বরী মন্দিরে এ ঘটনা ধরা পড়ে। মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী (৫০) জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি পূজা শেষ করে মন্দির বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মন্দিরে এসে দেখেন কেচি গেটের তালা ভাঙা এবং ভেতরের দানবাক্সের তালাও ভেঙে ফেলা হয়েছে। তিনি আরও জানান, মন্দিরের মূর্তির গায়ে থাকা লাল কাপড় সরিয়ে দুর্বৃত্তরা একটি এমিটেশনের হার নিয়ে গেছে। পাশাপাশি মন্দিরের বিদ্যুৎ সংযোগও কেটে দেয়া হয়। মন্দির কর্তৃপক্ষের ধারণা, দানবাক্সে আনুমানিক ১০-১২ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
রাঙ্গুনিয়ায় মন্দিরে দুর্ধর্ষ চুরি, থানায় মামলা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
