খুলনায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মা নিহত

ফন্ট সাইজ:

খুলনায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মা মিম্মি বেগম (৪৪) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে নাদিম ইসলাম (২৫)কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। নিহত মিম্মি বেগম রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদকাসক্ত নাদিম ইসলাম নেশার টাকার জন্য প্রায়ই তার মা মিম্মি বেগমের ওপর চড়াও হতো। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সে মা মিম্মি বেগমের কাছে টাকা দাবি করে। ছেলের চাহিদা মতো টাকা দিতে অস্বীকার করলে সে মায়ের ওপর চড়াও হয়। কথাকাটাকাটির একপর্যায়ে সে লাঠি দিয়ে মা মিম্মি বেগমের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় আইচগাতী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে নাদিম ইসলামকে আটক করে। পরে পুলিশ নাদিমকে ফাঁড়িতে আনার সময় বিক্ষুব্ধ জনতা তাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশকে বাধা দেয়। এ সময় পুলিশ আটক নাদিমকে নিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ছেলে নাদিম ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সে মা মিম্মি বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মিম্মি বেগমের স্বামী হামিদুল ইসলাম পরিবারের সঙ্গে থাকেন না। ফলে তার মেয়েদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলেই মামলা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন