নিজ দেশ ব্রাজিলে পেশাদার ক্যারিয়ার শুরু করা নেইমার জুনিয়র নিজের সোনালি সময় কাটান ইউরোপে। দীর্ঘদিন স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনার হয়ে খেলেছেন। সেখান থেকে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। এরপর পাড়ি জমান এশিয়ার দেশ সৌদি আরবে। সেখানে আল-হিলাল ক্লাবের হয়ে খেলেন। এরপর আবারো দক্ষিণ আমেরিকায় ফিরে যান নেইমার। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। গুঞ্জন উঠেছে, মেজর লীগ সকারের ক্লাব এফসি সিনসিনাটি নেইমারের সঙ্গে চুক্তির ব্যাপারে প্রাথমিকভাবে আলোচনা করেছে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সিনসিনাটি ক্লাব নেইমারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তার আগ্রহ এবং সম্ভাব্য আর্থিক কাঠামো নিয়ে আলোচনা করেছে। বর্তমানে নেইমার ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে ২০২৬ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ। গত বছরের ডিসেম্বরে তিনি সান্তোসের সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করেন। এর আগে, ২০২৫ সালে আল-হিলাল ছাড়ার পর নেইমারের এমএলএসে যাওয়ার গুঞ্জন ওঠে। সেই সময় শিকাগো ফায়ারের সঙ্গে নাকি তার আলোচনা অনেকদূর এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত নেইমার নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে নতুন করে আবারো এমএলএসে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে, তবুও সিনসিনাটি ক্লাব কর্তৃপক্ষ নেইমারকে দলে নেয়ার কথা ভাবছে। এ বিষয়ে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শেষে।
চোটের কারণে গত দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে নেইমার। ২০২৬ সালে এখন পর্যন্ত মাত্র ছয় ম্যাচ খেলেছেন তিনি। এই ছয় ম্যাচে তিন গোল এবং তিন অ্যাসিস্ট করেন নেইমার। কয়েকদিন আগে সান্তোসের কোচ কুকা জানান, আন্তর্জাতিক বিরতির সময় নেইমার হাঁটুর একটি ছোট অপারেশন করান। বিশ্বকাপের আগে নেইমার পুরোপুরি ফিট হয়ে ফিরবেন বলে তার আশা। আর ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, নেইমার পুরোপুরি ফিট থাকলে তাকে বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে।
