শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ওমান

এশিয়ান গেমস হকি বাছাইপর্ব

শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন ওমান

ফন্ট সাইজ:

এশিয়ান গেমস হকি বাছাইপর্বের মঞ্চে শ্রেষ্ঠত্ব ধরে রাখলো ওমান। ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো দেশটি। এর আগে ২০২২ ও ২০১৮ সালের বাছাইপর্বে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওমান।

ম্যাচের শুরু থেকে শ্রীলঙ্কার রক্ষণভাগের পরীক্ষা নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ার্টারের ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে এগিয়ে নেন মাইথাম আল ওয়াহাইবি। দ্বিতীয় কোয়ার্টারে কুশল বীরাপ্পুলির ফিল্ড গোলে ১-১ সমতায় ফিরে লড়াই জমিয়ে তোলার আভাস দেয় শ্রীলঙ্কা। সমতায় ফেরার পর আট মিনিট পর আবারো গোল হজম করে দলটি। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে এগিয়ে নেন আলিয়াস আল-নৌফালি। এক মিনিট পরে ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন তিনি। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে ওমান। তৃতীয় কোয়ার্টারে গোল শোধে মরিয়া শ্রীলঙ্কা একের পর এক আক্রমণ করলেও ওমানের রক্ষণ দূর্গ ভাঙতে পারেনি। উল্টো দু’দলে খেলোয়াড়রা হলুদ ও সবুজ কার্ড দেখেন। শ্রীলঙ্কার মাদুমাল হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে কিছুটা চাপে পড়ে তারা। অন্যদিকে ওমানের আসাম বারাজাহানও হলুদ কার্ড দেখে দশ মিনিটের জন্য মাঠের বাইরে ছিলেন। ম্যাচের শেষ কোয়ার্টারে শ্রীলঙ্কা কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও গোলরক্ষকের দক্ষতায় জাল অক্ষত রাখে ওমান। নির্ধারিত সময়ের খেলা শেষে স্কোরলাইন ৩-১ এ দাঁড়ালে ওমানের ডাগআউটে শুরু হয় বাধভাঙ্গা উল্লাস।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন