মোহামেডানের হয়ে দীর্ঘ ৬ বছর খেলেছেন সুলেমান দিয়াবাতে। সাদা-কালোদের ফেডারেশন কাপ আর লীগ শিরোপা জয়ের নেপথ্যে ছিলেন। সেই সুলেমান দিয়াবাতে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে যোগ দিয়ে যেন ‘কাঁটা দিয়ে কাঁটা’ তুললেন। বাংলাদেশ ফুটবল লীগে আজ ফিরতি পর্বে মোহামেডানকে ২-১ গোলে হারায় আবাহনী। আকাশী-নীলদের হয়ে জয়সূচক শেষ গোলটি করেন দিয়াবাতে। এই জয়ের মাধ্যমে তিন বছর পর লীগে মোহামেডানকে হারালো আবাহনী।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৩ মিনিটে লিড নেয় মোহামেডান। কর্নার থেকে সরাসরি দুর্দান্ত এক ‘অলিম্পিক গোল’ করে মোহামেডানকে এগিয়ে দেন মুজাফফর মুজাফফরভ। প্রথম লেগের মতো আজও আবাহনীকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করে সাদা-কালো সমর্থকরা। তবে মোহামেডানের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি আবাহনী। ১৭ মিনিটে মিরাজুল ইসলামের গোলে সমতায় ফেরে আকাশী-নীলরা। এমেকা ওগবুহর পাস থেকে একজনকে কাটিয়ে গোলরক্ষক সুজন হোসেনকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান মিরাজ। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের লড়াই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আবাহনী। ৬৬ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন সেই সুলেমান দিয়াবাতে। এমেকার পাস থেকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন এই মালিয়ান ফরোয়ার্ড। মোহামেডানের ডেরায় দীর্ঘ সময় রাজত্ব করা দিয়াবাতে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে আবাহনীকে জয় এনে দেন। এই হারে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নেমে গেছে মোহামেডান। লীগে টানা ৬ ম্যাচ জয়হীন থেকে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারা। অন্যদিকে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।
বাংলাদেশ ফুটবল লীগ
ঢাকা ডার্বিতে মোহামেডানকে হারালো আবাহনী
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ মাস আগে
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ৬ঃ৫১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
