রিসেট

সেসব দিনগুলোর কথা মনে করতে চান না এশিয়ান ইনডোরে রৌপ্যজয়ী জহির

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

বিপুল সম্ভাবনা নিয়ে বাংলাদেশের অ্যাথলেটিক ট্র্যাকে পা রাখেন জহির রায়হান। ৪০০ মিটার দৌড়ে দেশসেরা তরুণ চোখ কাড়েন আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও। ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিক্সে তিনি সেমিফাইনালে উঠেছিলেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকে খেলেছিলেন জহির রায়হান। এরপর ব্যক্তিগত সমস্যায় পড়েন। ধর্ষণ মামলায় জেলও খাটতে হয় এই স্প্রিন্টারকে। যদিও সেই সমস্যা কাটিয়ে আবার অ্যাথলেটিক্সে ফিরেছেন জহির। সদ্য সমাপ্ত জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে স্বর্ণও জিতেছেন। এবার এশিয়ান ইনডোরে রৌপ্য জিতে চমকে দিয়েছেন জহির। অতীতের দিনগুলো ভুলে এবার সামনে তাকাতে চান স্প্রিন্টার। পদক জিততে চান সাউথ এশিয়ান গেমসে। ২০১৯ সালে এক নারী অ্যাথলেট জহিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা করেন। বাদি তার মামলার এজাহারে উল্লেখ করেন ওই বছরের ৩রা মে বিয়ে করার কথা প্রতিশ্রুতি দিয়ে জহির তাকে ধর্ষণ করেনন। সেই মামলায় ২০২১ সালের ৯ই ডিসেম্বর গাজীপুরের নারী ও শিশু বিষয়ক ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে জহিরকে হাজতে প্রেরণ করেন আদালত। সেই মামলায় কিছুদিন হাজতবাস করে জামিনে মুক্ত হন জহির। ধীরে ধীরে  নিজেকে প্রস্তুত করে ট্রাক অ্যান্ড ফিল্ডে ফেরেন তিনি। এরপর দুটি জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সোনা জেতেন এই অ্যাথলেট। প্রথম বারের মতো অংশ নেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। আর প্রথমবার গিয়েই বাজিমাত করেন বাংলাদেশের এই অ্যাথলেট। ৪০০ মিটার দৌড়ে জহির সবাইকে চমকে দিয়ে জিতেন রুপা। তেহরানে অনুষ্ঠিত ফাইনালে জহির টাইমিং করেছেন ৪৮.১০ সেকেন্ড। প্রথম হওয়া ইরানের অ্যাথলেট সাজ্জাদ আঘাইয়ের টাইমিং ৪৭.৯৫। গত ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে প্রথম হওয়া জহির সময় নেন ৪৭.৭৬ সেকেন্ড। সাধারণ ৪০০ মিটারে এক চক্কর দৌড়াতে হয়, ইনডোরে ২০০ মিটারের ট্র্যাকে দুবার। ফলে টাইমিংয়ে একটু হেরফের হয়।  এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। গত বছর ৬০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন ইমরানুর রহমান। ইমরানের পর ইনডোরে পদক জিতে উচ্ছেসিত জহির বলেন, এতদিন দেশেই শুধু পদক জিতেছি। অনেক দিনের স্বপ্ন ছিল আন্তর্জাতিক কোনও মিটে পদক জেতার, দেশের মানুষকে আনন্দে ভাসাবো-মুখ উজ্জ্বল করবো। অবশেষ তা করতে পেরে আমি অনেক খুশি। এই পদক সামনের দিনে আরও প্রত্যশা বাড়িয়ে দিবে জানিয়ে তিনি বলেন, সামনের দিকে বড় বড় আসর রয়েছে। এই যেমন এসএ গেমসসহ অনেক চ্যাম্পিয়নশিপ। সেখানে ভালো কিছু করার ইচ্ছা আছে। যদি অনুশীলনসহ অন্য সুবিধাদি ঠিকমতো পাওয়া যায় তাহলে ভালো কিছু করা সম্ভব। এটা আমার বিশ্বাস।’ নিজের অতীতের সেসব দিনগুলো ভুলে সামনে তাকাতে চান জহির। বলেন, ‘পেছনে আর তাকাতে চাই না। আর ওই বিষয়ে কিছু বলতেও চাই না, এখন সবই অতীত। সবকিছুই ভুলে যেতে চাই। সেসব কাটিয়ে আমি জাতীয় পর্যায়ে অংশ নিয়েছি দুইবার। জাতীয় রেকর্ড গড়েছি, আন্তর্জাতিক অঙ্গনে ভালো টাইমিং করেছি; এখন পদক জিতলাম। সামনে আরও এগিয়ে যেতে চাই।’