বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চট্টগ্রামের চ্যালেঞ্জার্স ১১ ম্যাচের ৬টিতেই জয় তুলে নিয়েছে। তরুণ আর বিদেশি ক্রিকেটারদের নিয়ে দলটি এখন দেখছে প্লে-অফের স্বপ্ন। আজ নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ চারে খেলা। এর আগে তিন আসরে চ্যালেঞ্জার্সরা দু’টিতে প্লে-অফে খেললেও ফাইনালে উঠতে পারেনি। শেষ আসরে তারা ৬ পয়েন্ট নিয়েও ছিল তলানির দল। যাদের নিয়ে তাই এবার কোনো আশাই ছিল না। বিশেষ করে তাদের দেশি- বিদেশি ক্রিকেটাররা এই আসরে এতটা ভালো করবে- তা কারও আশাই ছিল না। তবে ক্রিকেট বলে কথা। যেখানে শেষ বলে কিছু নেই। ১২ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আজ খুলনাকে হারাতে পারলেই শেষ চার নিশ্চিত করবে। আর তা না হলে বিদায় নিবে আসর থেকে। সেই ক্ষেত্রে এগিয়ে যাবে টাইগার্সরা। খুলনা তাদের শেষ ম্যাচে হেরে পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থেকে চট্টগ্রামকে পিছনে ফেলে শেষ চার নিশ্চিত করবে খুলনা। অন্যদিকে শেষ ম্যাচেও টিম চ্যালেঞ্জর্সদের দাপট দেখাতে চান দলের তরুণ ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। এই দলে চাটগার একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি বলেন, ‘অবশ্যই, আমাদের দলের সবাই খুব ভালো শেপে আছে। সবার মাইন্ডসেট ভালো আছে কারণ আমরা শেষ ম্যাচটা ভালোভাবে জিতছি। পুরো টুর্নামেন্ট হিসাব করলে আমরা খুব ভালো ক্রিকেট খেলতেছি, অত বেশি খারাপ খেলি নাই। কালকের ম্যাচটা ফোকাস করবো যাতে ভালোভাবে খেলে জিততে পারি। দল হিসেবে আমরা এতোদিন নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েছি। কেউ একক ভাবে দলকে জেতায়নি। আমরা সেইভাবেই খেলতে চাই।’
অন্যদিকে আসরের দ্বিতীয় ম্যাচে খুলনার সঙ্গে হেরে গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে দুই দলের আজ দ্বিতীয় দেখা। চট্টগ্রামের জন্য এই ম্যাচ শুধু শেষ চার নিশ্চিত করার লড়াই নয়, প্রতিশোধেরও মিশন। সেই ম্যাচে খুলনা জিতেছিল ৪ উইকেটে। আজ শেষ ম্যাচে দিপু নিজেদের সেরাটা দিতেই প্রস্তুত। বিপিএল শুরুর আগে এই দল নিয়ে ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধাদের তেমন কোনো প্রত্যাশাই ছিল না। তবে সাবাইকে অবাক করে দারুণ দাপট দেখিয়েছে দলের ক্রিকেটাররা। এ নিয়ে দিপু বলেন, ‘জানি না উনাদের প্রত্যাশা কি ছিল। আমরা চেষ্টা করেছি যাতে আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা যারাই খেলছি তারা যেন দল হিসেবে খেলতে পারি। এটাই টার্গেট করছি আর কিছু না।’ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে মিডল লর্ডারে ছোট ছোট অবদান রেখেছেন ট্টগ্রামের তরুণ ক্রিকেটর দিপু। ১০ ম্যাচে এক ফিফটিতে ভর করে করেছেন ১৮০ রান। শেষ ম্যাচেও দলের জন্য ব্যাট হাতে অবদান রাখতে চান তিনি। দিপু বলেন, ‘অবশ্যই, সবসময় তো কাজ করি যাতে আমি সেট হতে পারি। যতক্ষণ পারি অবদান রাখা, যতক্ষণ উইকেটে থাকতে পারি। ওটা চেষ্টা করি কিন্তু শেষ কয়েকটা ম্যাচ খেলতে পারি নাই। অবশ্যই ওইটা নিয়ে একটু খারাপ লাগছে যে, খেলতে পারি নাই। চেষ্টা করবো যেন সামনের ম্যাচগুলো ভালো খেলতে পারি।’
প্রথমবারের মতো বিপিএল-এ খেলার সুযোগ পেয়েছেন দিপু। জাতীয় দলে মূলত টেস্ট ক্রিকেটার হিসেবেই পরিচিত এই তরুণ ক্রিকেটার। তবে তিনি যে টি-টোয়েন্টির কার্যকরি ব্যাটার তা প্রমাণেও মরিয়া এই ক্রিকেটার। মূলত এই বিপিএল থেকে তিনি দারুণ কিছু শিখেছেন বলেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তিনি বলেন, ‘হ্যাঁ, বলতে পারেন এই বিপিএল-এ অনেক কিছু শেখার আছে। এর আগে আমার সেভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হয়নি। বিপিএলটাই প্রথমবার খেলছি আরকি। আমি চেষ্টা করছি এখান থেকে যেন শিখতে পারি যে, টি-টোয়েন্টি কীভাবে খেলতে হয়। কোন পরিস্থিতিতে কেমন ব্যাটিং, শটস সিলেকশন এগুলো শেখার চেষ্টা করছি।’ চট্টগ্রামের হয়ে খেলেছে নাজিবুল্লাহ জাদরান, বিলাল খান, কার্টিস ক্যাম্পার, টম ব্রুস, যশ ব্রাউন, রোমারিও শেফার্ডরা। তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করলেও খুব বেশি কথা বলেছেন দিপু। বিশেষ করে আফগান তারকা জাদরানের সঙ্গে তিনি ব্যাটিং নিয়েও কথা বলেছেন। তবে অন্য দলে আসা তারকা বিদেশিদের সঙ্গে খুব একটা কথা বলার সুযোগ হয়নি বলেই জানান তিনি। এ নিয়ে দিপু বলেন, ‘ওইরকম এখনও ওইভাবে কথা বলা হয় নাই (অন্য দলের বিদেশিদের সঙ্গে)। আমাদের দেশের যারা আছে তাদের অনেকজনের সঙ্গেই কথা বলছি। অনেক খেলোয়াড়ই আছে তাদের সঙ্গে কথা বলেছি। এদিকে আমাদের দলে নাজিবউল্লাহ ছিল ওর সঙ্গে কথা হয়েছে ব্যাটিং নিয়ে। যার সঙ্গে ব্যাটিং করি ওইসময় তার সঙ্গেই কথা হয়। ওইখান থেকে কিছু শেখার চেষ্টা করি।’
