রিসেট

‘ডাবল কীর্তি’তে সাকিবদের পাশে জাদেজা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসে হাঁকালেন সেঞ্চুরি। চতুর্থ ইনিংসে নিলেন ফাইফার। রাজকোট টেস্টে অনন্য অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন রবীন্দ্র জাদেজা। ব্যাট-বলে ছন্দ দেখিয়ে স্পর্শ করলেন সাকিব আল হাসান-ইয়ান বোথামদের রেকর্ড। আর ইংল্যান্ডের বিপক্ষে জাদেজার আলো ছড়ানো পারফরম্যান্সে ভারত পেয়েছে ৪৩৪ রানের রেকর্ডগড়া জয়। জাদেজার ১১২ রানে ভর করে রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলে ভারত। জবাবে ৩১৯ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ছন্দ দেখান যশ্বসী জয়সওয়াল। তরুণ এই ওপেনারের ডাবল সেঞ্চুরিতে ৪৩০ রান তোলে ভারত। ৫৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রবীন্দ্র জাদেজার ফাইফারে বিধ্বস্ত হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অলআউট হয় বেন স্টোকসের দল। এনিয়ে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে সেঞ্চুরি এবং ফাইফার নেয়ার কৃতিত্ব দেখালেন জাদেজা। ২০২২ সালের মার্চে প্রথম এমন কীর্তি দেখান ভারতীয় অলরাউন্ডার। মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ১৭৫* রান করা জাদেজা ৪১ রানের খরচায় নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ভারতীয় এবং ষষ্ঠ বোলার হিসেবে ন্যূনতম দু’বার একই টেস্টে সেঞ্চুরি এবং ফাইফারের স্বাদ পেলেন জাদেজা।

 ৬ জনের এই সংক্ষিপ্ত তালিকায় আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। তালিকার বাকি ৪ জন হলেন- বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম, ক্যারিবিয়ান অলরাউন্ডার গ্যারি সোবার্স এবং দক্ষিণ আফ্রিকান জ্যাক ক্যালিস। এক টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি-ফাইফারের মালিক ইয়ান বোথাম। মোট পাঁচবার এমন অসাধারণ নৈপুণ্য দেখান ইংল্যান্ডের হয়ে ১০২ টেস্টে ৫ হাজার ২০০ রান এবং ৩৮৩ উইকেট নেয়া বোথাম। তালিকার দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন। মোট তিনবার এক টেস্টে সেঞ্চুরি ও ফাইফার নেয়ার কীর্তি রয়েছে ভারতীয় স্পিনিং অলরাউন্ডারের। এছাড়া সাকিব, ক্যালিস, সোবার্সদের সবাই দু’বার করে এই কৃতিত্ব দেখান। ২০১১ সালে সর্বপ্রথম এই কীর্তি দেখান সাকিব।

 মিরপুরে পাকিস্তানের বিপক্ষে এক টেস্টে ১৪৪ রানের সঙ্গে ৬ উইকেট নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৪ সালের নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ১৩৭ রান করা সাকিব বোলিংয়ে দুই ইনিংসেই পান ফাইফার। গতকাল রাজকোটে ভারতের দেয়া ৫৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে একশ’ ছোঁয়ার আগেই ৯ উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১১, আগের ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেট ৪, ওলি পোপ ৩, জো রুট ৭, জনি বেয়ারস্টো ৪, অধিনায়ক বেন স্টোকস ১৫, বেন ফোকস ১৬, রেহান আহমেদ ০ এবং টম হার্টলি ১৬ রানে আউট হন। ৯১ রানে ৯ উইকেট হারানো ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন পেসার মার্ক উড। ১* রান করেন জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া ৪৩৪ রানের জয়টি রানের হিসাবে ভারতের সবচেয়ে বড় টেস্ট জয়। আগের রেকর্ডটি ছিল ৩৭২ রানের, নিউজিল্যান্ডের বিপক্ষে। 

রানের হিসাবে সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংলিশরা। গতকাল ২ উইকেটে ১৯৬ রান নিয়ে রাজকোট টেস্টের চতুর্থ দিন শুরু করে ভারত। আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া যশ্বসী জয়সওয়াল খেলায় ফিরে ২১৪* রান করেন। ২৩৬ বলের ইনিংসটি ১৪ চার ও ১২ ছক্কায় সাজান তিনি। ৯১ রান করেন শুবমান গিল। কুলদীপ যাদবের সংগ্রহ ২৭। আর ৬৮ রান নিয়ে জয়সওয়ালের সঙ্গে অপরাজিত ছিলেন অভিষিক্ত সরফরাজ খান। ভারত ৪ উইকেট হারিয়ে ৪৩০ তোলার পরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা।